স্নেহা পাল, দক্ষিণ দিনাজপুর : উত্তরবঙ্গের কুমারগঞ্জে SIR (Special Intensive Revision) এর কাজ পরিদর্শনে গিয়ে আক্রান্ত হলেন এক মাইক্রো অবজার্ভার (Micro Observer)। তাঁকে চড় মারার একটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশের সামনেই মাইক্রো অবজার্ভারকে হুমকি
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল কুমারগঞ্জের BDO অফিস চত্বরে SIR এর কাজ দেখভাল করতে যান মাইক্রো অবজার্ভার (Micro Observer) দিব্যেন্দু গড়াই। সেই সময় একদল দুষ্কৃতী তাঁর ওপর চড়াও হয় বলে অভিযোগ করেন তিনি। পুলিশের সামনেই কমিশন আধিকারিককে আঙুল উঁচিয়ে শাসানিও দেওয়া হয়। প্রকাশ্যে তাঁকে চড় মারার ঘটনাটি মোবাইলে ধরা পড়ে এবং পরে সেই ভিডিও ভাইরাল হয়ে যায়।
SP-কে ইমেলে অভিযোগ মাইক্রো অবজার্ভারের
এই ঘটনার পর দ্রুত SP-কে ইমেলে অভিযোগ করেন আক্রান্ত মাইক্রো অবজার্ভার। BDO অফিসে ঢুকে তাঁকে নিগ্রহ ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘুষি ও চড় মারা হয় বলে অভিযোগ করেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। আহত মাইক্রো অবজার্ভারকে (Micro Observer) উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। মেখলিগঞ্জ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং হামলার সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলার সঙ্গে যুক্ত। তবে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে এবং ঘটনার সঙ্গে দলের কোনও যোগ নেই বলে দাবি করেছে।
এর আগেও রাজ্যের বিভিন্ন প্রান্তে SIR ও ভোটার তালিকা সংশোধনের কাজ চলাকালীন প্রশাসনিক কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। কয়েকটি ক্ষেত্রে নির্বাচন সংক্রান্ত কাজে যুক্ত আধিকারিক ও পর্যবেক্ষকদের সঙ্গে স্থানীয় স্তরে বচসা ও উত্তেজনার ঘটনাও সামনে এসেছে। ফরাক্কা, চাকুলিয়া, বাসন্তী, সন্দেশখালির পর এবার কুমারগঞ্জের এই ঘটনা সেই ধারাবাহিকতারই একটি নতুন সংযোজন।


