কলকাতা: ছাব্বিশের ভোটে ব্যাটেল গ্রাউন্ড ভবানীপুর (Bhawanipore)। এবারের নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি মমতার গড় ভবানীপুরেও ভোটে লড়ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একুশের নন্দীগ্রামের চেহারা এবার ভবানীপুরে। বৃহস্পতিবার এই হাইভোল্টেজ আসনে প্রচারে নেমেছেন শুভেন্দু অধিকারী।
কর্মী সমর্থকদের বিশাল বাহিনী নিয়ে প্রচার করছেন তিনি। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। শুভেন্দুর দাবী, “কোনও চ্যালেঞ্জ নেই। কমপক্ষে ২৫ হাজার ভোটে জিতব। পাশাপাশি নন্দীগ্রামের জনতা জনার্দন জানেন। মোদীজি আমাকে দায়িত্ব দিয়েছেন। আমাকে মমতাকে হারাতে হবে”।
অন্যদিকে, মমতার গড়ে দেওয়াল লিখনের কাজ জোরকদমে চালাচ্ছে তৃণমূল। শুভেন্দুর সভার পাশাপাশি ধরা পড়ল, ‘জয় বাংলা’ বলে স্লোগান তুলছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। তাঁদের বক্তব্য, “এটা দিদির আসন। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো অসম্ভব”। সেইসঙ্গে ভবানীপুরে (Bhawanipore) রণকৌশল ভবানীপুরের কাউন্সিলরদের নিয়ে বিশেষ বৈঠকে বসছে শাসকদল। সুব্রত বক্সির অফিসে দলয় কর্মী-সমর্থকদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। উপস্থিত থাকতে পারেন ফিরহাদ হাকিম, জয়প্রকাশ মজুমদার।
ভবানীপুর থানায় শুভেন্দু
এরই মধ্যে বিজেপি কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে ভবানীপুর (Bhawanipore) থানায় পৌঁছলেন শুভেন্দু (Suvendu Adhikari)। শুধু তাই নয়, যদি কোনোরকম বাধার সম্মুখীন হন, তাহলে চন্দ্রকোণার মত ভবানীপুর থানার বাইরেও অবস্থান বিক্ষোভ করবেন বলে হুঁশিয়ারি দেন শুভেন্দু। তাঁর অভিযোগ, বিজেপির কর্মী সমর্থকদের প্রচার, দেওয়াল লিখন করতে বাধা দেওয়া হহচ্ছে।


