Aaj India Desk, কলকাতা : নির্বাচনের আবহে হেভিওয়েট কেন্দ্র ভবানীপুরে (Bhabanipur) ফের শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। এবার নিষেধাজ্ঞা অমান্য করে নির্বাচনী কার্যালয় নির্মাণের অভিযোগ উঠছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে।
তৃণমূল কংগ্রেসের দাবি, ভবানীপুরের (Bhabanipur) ২৩বি, অরফানগঞ্জ (পুরসভার ৭৪ নম্বর ওয়ার্ড) এলাকায় সংশ্লিষ্ট জমিতে নির্মাণকাজ আগেই বন্ধ রাখতে নির্দেশ দিয়েছিল কলকাতা পুরসভা। ২০২৫ সালের ৮ অক্টোবর জারি করা সেই নোটিসে স্পষ্টভাবে কাজ বন্ধের নির্দেশ ছিল। তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি ফের জোর করে সেই কার্যালয় নির্মাণ শুরু হয়েছে। নির্বাচনের ঠিক আগে এই নির্মাণকাজ ঘিরে প্রশাসনিক নির্দেশ অমান্য করা হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে।
তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী নির্বাচন কমিশনে পাঠানো দুই পাতার চিঠিতে দাবি করেছেন, নির্মাণকাজ চালাতে দুটি লরিতে করে বাঁশ ও অন্যান্য উপকরণ আনা হয়। স্থানীয় স্তরে দ্রুততার সঙ্গে অফিস তৈরির কাজ এগোনোর চেষ্টা চলছে বলেও অভিযোগ। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইন অনুযায়ী কাজ বন্ধ করার চেষ্টা করলে বাধার মুখে পড়তে হয়। সুব্রত বক্সীর অভিযোগ, সেই সময় শুভেন্দু অধিকারী উপস্থিত হয়ে পুলিশের আপত্তি উপেক্ষা করেন এবং কড়া ভাষায় প্রতিক্রিয়া জানান।
তৃনমূলের দাবি, শুধু আপত্তি অগ্রাহ্য করাই নয়, পুলিশ কর্মীদের ‘শিক্ষা দেওয়া’ এবং ভোটের পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। এই অভিযোগ সামনে আসায় ঘটনাটি প্রশাসনিক স্তরেও গুরুত্ব পাচ্ছে। এই পরিস্থিতিতে তৃণমূল নির্বাচন কমিশনের কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছে। তাদের বক্তব্য, নির্বাচনী আচরণবিধি বলবৎ থাকা অবস্থায় কোনও প্রার্থী যদি প্রশাসনিক নির্দেশ অমান্য করে নির্মাণকাজ চালান, তা নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে।
অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ খারিজ করা হয়েছে। দলের দাবি, নির্মাণকাজে কোনও বেআইনি কিছু নেই এবং বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তুলে ধরা হচ্ছে।
ভবানীপুর (Bhabanipur) কেন্দ্রটি রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ আসন, যেখানে সরাসরি শাসক ও বিরোধী শিবিরের শীর্ষ নেতৃত্বের লড়াই চলছে। ফলে এই ধরনের অভিযোগ ও পাল্টা অভিযোগ নির্বাচনী উত্তাপ আরও বাড়াচ্ছে। নির্বাচনের আগে এই বিতর্কে নির্বাচন কমিশন কী পদক্ষেপ নেয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।


