স্নেহা পাল, দিল্লি : আজ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চের নির্দেশে স্বস্তি মিলল রাজ্য সরকারি কর্মচারীদের।
সুপ্রিম কোর্টের আইনি পর্যবেক্ষণ
রাজ্য সরকারের আপিল খারিজ করে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায়, মহার্ঘ ভাতা রাজ্য সরকারি কর্মচারীদের একটি আইনত বলবৎযোগ্য অধিকার। রোপা (ROPA) নিয়ম অনুযায়ী DA নির্ধারণে সর্বভারতীয় ভোক্তা মূল্যসূচক (AICPI) অনুসরণ করতেই হবে বলে আদালত জানায়।
আদালতের নির্দেশ অনুযায়ী, আপাতত বকেয়া DA-র ২৫ শতাংশ আগামী ৩১ মার্চের মধ্যে মিটিয়ে দিতে হবে। ২৫ শতাংশ বকেয়া DA মেটাতে রাজ্যের আনুমানিক খরচ হবে প্রায় ১০ হাজার কোটি টাকা। আদালত জানায়, আর্থিক চাপের অজুহাতে কর্মচারীদের স্বীকৃত অধিকার থেকে বঞ্চিত করা যায় না।
বাকি ৭৫ শতাংশ বকেয়া কীভাবে এবং কত কিস্তিতে দেওয়া হবে, তা নির্ধারণের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
এই কমিটির চেয়ারম্যান হবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রা। কমিটিতে আরও দুই সদস্য থাকবেন। ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত বকেয়া DA-র আর্থিক দায় ও পরিশোধের সময়সূচি চূড়ান্ত করবে এই কমিটি। ২০২৬ সালের ৬ মার্চের মধ্যে কমিটিকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
DA নিয়ে বর্তমান পরিস্থিতি
সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে, রাজ্যের আর্থিক নীতি কোনওভাবেই আইনগতভাবে স্বীকৃত অধিকার বাস্তবায়নের পথে বাধা হতে পারে না। তবে বছরে দু’বার DA দেওয়ার দাবিকে মান্যতা দেয়নি আদালত। এই প্রশ্নে রাজ্যের যুক্তি গ্রহণ করা হয়েছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের DA হার ৫৮ শতাংশ, যেখানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের DA ১৮ শতাংশ। কেন্দ্র ও রাজ্যের মধ্যে DA-র ব্যবধান রয়েছে প্রায় ৪০ শতাংশ।


