Aaj India Desk, মালদহ: আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে রাজ্য রাজনীতি এমনিতেই উত্তপ্ত। এর মধ্যেই মালদহের গাজোল (Gazole) বিধানসভা কেন্দ্রে সদ্য প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় ভোটারদের রঙিন ছবি আপলোড হওয়া নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। বিজেপির অভিযোগ, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী রঙিন ছবি প্রকাশ করা যায় না। বিষয়টি নিয়ে জাতীয় নির্বাচন কমিশন ও রাজ্য মুখ্য নির্বাচন কমিশনারের দপ্তরে লিখিত অভিযোগ জানানো হয়েছে।
বিজেপি বিধায়ক চিন্ময় দেববর্মনের দাবি, গাজোল (Gazole) বিধানসভা কেন্দ্রের মোট ২৭৩টি বুথের মধ্যে ২০৬টি বুথে অনলাইনে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় প্রায় দুই লক্ষ ভোটারদের রঙিন ছবি রয়েছে। তাঁর বক্তব্য, “নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোটার তালিকায় রঙিন ছবি প্রকাশ করা যায় না। তাহলে গাজোলে কীভাবে এই ঘটনা ঘটল, তা স্পষ্ট করা হোক।”
দিল্লি ও কলকাতায় লিখিত অভিযোগ
বিজেপির জেলা নেতা মধুসূদন কুণ্ডুও এই বিষয়টি নিয়ে দিল্লির জাতীয় নির্বাচন কমিশন এবং কলকাতার সিইও দপ্তরে চিঠি পাঠিয়েছেন। সেই চিঠিতে মালদহের জেলা নির্বাচন আধিকারিক (DEO), ERO এবং AROদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
বিজেপি নেতৃত্বের অভিযোগ, স্থানীয় প্রশাসন কোনও রাজনৈতিক উদ্দেশ্যে এই কাজ করেছে। একটি সাংবাদিক সম্মেলনে বিধায়ক চিন্ময় দেববর্মন বলেন, “এই ধরনের পদক্ষেপ আইনবিরুদ্ধ। এর সম্পূর্ণ দায় স্থানীয় স্তরের ERO ও AROদের। তাঁরা কোনো বিশেষ রাজনৈতিক দলের সদস্যকে খুশি করার উদ্দেশ্যেই এমন কাজ করেছেন।”
তৃণমূলের পাল্টা আক্রমণ
অন্যদিকে বিজেপির কটাক্ষের তীর সম্পূর্ণ অগ্রাহ্য করে তৃণমূল পরিচালিত গাজোল (Gazole) পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন বলেন, “নির্বাচন কমিশন পুরোপুরি বিজেপির প্রভাবেই চলছে। ERO ও ARO-রা কমিশনের অধীনেই কাজ করেন। রঙিন ছবির বিষয়টি নিয়ে বিজেপিরই ব্যাখ্যা দেওয়া উচিত।” পাশাপাশি নির্বাচন কমিশনকে বিজেপির সদর দপ্তর বলেও কটাক্ষ করেন তিনি।
কমিশনের প্রতিক্রিয়ার অপেক্ষা
এই ঘটনাকে ঘিরে জেলাজুড়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি বিশেষ সংশোধন প্রক্রিয়া শেষে প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। সেই তালিকার অনলাইন সংস্করণে রঙিন ছবি প্রকাশ ঘিরেই একাধিক প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে প্রশাসনিক তদন্ত বা কমিশনের ব্যাখ্যার দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।


