31 C
Kolkata
Sunday, March 29, 2026
spot_img

বকেয়া DA পরিশোধের দাবি : ফের পথে রাজ্য সরকারি কর্মীরা

স্নেহা পাল, কলকাতা : সুপ্রিম কোর্ট সম্প্রতি রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে, ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত বকেয়া DA-র ২৫ শতাংশ অবিলম্বে পরিশোধ করতে হবে। কিন্তু আদালতের নির্দেশের পরও কোনও কার্যকর পদক্ষেপ না হওয়ায় ফের পথে নামলেন রাজ্য সরকারি কর্মীরা।

রবিবার কলকাতায় সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল করে সংগ্রামী যৌথ মঞ্চ। রাজ্যের বিভিন্ন দফতরের কর্মচারীরা তাতে অংশ নেন। আন্দোলনকারীদের বক্তব্য, আদালতের নির্দেশ “তাৎক্ষণিকভাবে” কার্যকর করার কথা বলা হলেও সরকার বিষয়টি পর্যালোচনার অজুহাতে সময় নষ্ট করছে।

সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ বলেন, “গণতান্ত্রিক দেশে সুপ্রিম কোর্টের রায় কার্যকর করতে যদি রাস্তায় নামতে হয়, সেটাই সবচেয়ে বড় ব্যর্থতা। এই নির্দেশ মানা না হলে আন্দোলন আরও তীব্র হবে।” তিনি আরও দাবি করেন, DA পরিশোধ হলে শুধু কর্মীরাই নয়, সামগ্রিক অর্থনীতিও উপকৃত হবে।

আন্দোলনকারীদের দাবি, সরকার ইচ্ছাকৃতভাবে রিভিউ পিটিশনের পথে যেতে চাইছে। সেই কারণেই সরকারের উপর চাপ বাড়াতে লাগাতার কর্মসূচি নেওয়া হচ্ছে। তাঁদের বক্তব্য, রাজ্য বাজেটে ৪ শতাংশ DA ঘোষণাকে তাঁরা আদালতের নির্দেশের বিকল্প হিসেবে মানছেন না।

এদিনের মিছিলে সরকারি কর্মীদের সাথে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁও অংশ নেন। তিনি বলেন, রাজ্য সরকারি কর্মীদের এই আন্দোলন দীর্ঘদিনের বঞ্চনার ফল।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, সুপ্রিম কোর্ট যে সময়সীমা দিয়েছে, সেই সময়ের মধ্যেই বিষয়টি নিষ্পত্তি হবে। অযথা তাড়াহুড়োর প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি। রাজ্য সরকার সূত্রে জানানো হয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ ঠিক করতে মুখ্যসচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।

তবে পর্যালোচনায় নারাজ সংগ্রামী যৌথ মঞ্চ জানিয়েছে, দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনের পথে হাঁটা হবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন