স্নেহা পাল, চাকুলিয়া: মুর্শিদাবাদের ফরাক্কার অশান্তির রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া ঘিরে নতুন করে উত্তেজনা ছড়াল। ভোটার তালিকা সংশোধনের শুনানিকে কেন্দ্র করে চাকুলিয়ায় চলছে ব্যাপক বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী।
পথ অবরোধ ও অগ্নিসংযোগে স্তব্ধ জনজীবন
বিক্ষোভকারীরা চাকুলিয়ার পথ অবরোধ করে টায়ার ও কাঠ জ্বালিয়ে আগুন ধরানো হয়েছে। দীর্ঘক্ষণ যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে রয়েছে। স্কুলগামী পড়ুয়া, অফিসযাত্রীরা আটকে পড়ায় চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। একই সাথে এখানে BDO অফিসেও ভাঙচুর চলেছে। এই অবরোধে প্রশাসনিক কাজকর্ম কার্যত স্তব্ধ হয়ে যায়। ভোটার তালিকা সংশোধনের শুনানি বন্ধ রাখতে প্রশাসনের উপর সরাসরি চাপ সৃষ্টি করা হয়েছে।
SIR নিয়ে রাজনৈতিক প্রচার ও বিভ্রান্তির অভিযোগ
স্থানীয় সূত্রে দাবি, তৃণমূল নেতৃত্ব ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়াকে সংখ্যালঘু ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়ার প্রচেষ্টা হিসেবে তুলে ধরছেন। এই রাজনৈতিক প্রচারের জেরে সাধারণ মানুষও বিক্ষোভে শামিল হন, যার পরিণতিতে চাকুলিয়ার গুরুত্বপূর্ণ সড়কে পথ অবরোধের ঘটনা ঘটে।
প্রশাসনের দাবি: রাজনৈতিক উদ্দেশ্যেই অশান্তি
প্রশাসনের একাংশের বক্তব্য, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) একটি নির্বাচন কমিশনের নিয়মতান্ত্রিক প্রক্রিয়া হলেও রাজনৈতিক হস্তক্ষেপের কারণে তা বাস্তবায়ন কঠিন হয়ে উঠছে। BLO ও মাঠপর্যায়ের কর্মীরা ক্রমশ চাপে পড়ছেন, ফলে পুরো প্রক্রিয়ার নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে।
গণতান্ত্রিক প্রক্রিয়া কি সংঘাতের হাতিয়ার?
মুর্শিদাবাদে BLO পদত্যাগ ও BDO অফিস ভাঙচুরের ঘটনার ঠিক পরদিন চাকুলিয়ায় এই অশান্তি ভোটার তালিকা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়াকে রাজনৈতিক সংঘাতের হাতিয়ার করা হচ্ছে কিনা সেই বিষয়ে নতুন করে প্রশ্ন তুলছে। একের পর এক জেলায় ছড়িয়ে পড়া এই অস্থিরতা প্রশাসনিক স্বচ্ছতা, রাজনৈতিক দায়িত্ববোধ এবং ভোটারদের আস্থার ওপর গভীর ছাপ ফেলছে।


