স্নেহা পাল, কলকাতা: রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের (TMC) সাংসদদের মেয়াদ শেষ হতে চলেছে মার্চে। তার আগেই দলের অন্দরে শুরু হয়েছে জল্পনা।
বর্তমানে তৃণমূলের রাজ্যসভা সাংসদদের মধ্যে রয়েছেন সাকেত গোখলে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সি। এছাড়া মৌসম বেনজির নূর ইতিমধ্যেই সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে দল ছেড়ে কংগ্রেসে ফিরে গিয়েছেন। ফলে একটি আসন বর্তমানে শূন্য।
দলীয় সূত্রের দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হতে পারে। সে ক্ষেত্রে তাঁর রাজ্যসভা আসনে একজন সাংবাদিককে পাঠানোর বিষয়টি আলোচনা করা হয়েছে, যদিও নাম এখনও চূড়ান্ত নয়।
অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের ধারণা, মৌসম নূরের শূন্য আসনে তৃণমূল (TMC) সংখ্যালঘু সম্প্রদায়ের কোনও মহিলা মুখকে তুলে ধরতে পারে। এর মাধ্যমে সামাজিক ও রাজনৈতিক ভারসাম্য বজায় রাখার বার্তা দিতে চাইছে দল।
অন্যদিকে তৃণমূলের (TMC) অন্দরমহলের খবর অনুযায়ী, সাকেত গোখলে এবার রাজ্যসভায় ফিরছেন না। সুব্রত বক্সির ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও শীর্ষ নেতৃত্বের হাতে রয়েছে।
রাজ্যসভা সাংসদদের মেয়াদ শেষ হওয়ার সময়সীমা বিধানসভা নির্বাচনের ঠিক আগে হওয়ায়, এই সিদ্ধান্তগুলি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।


