কলকাতা: ভোটের মুখে কলকাতা-হাওড়ায় পরপর শুটআউট! বুধবার হাওড়ার পিলখানায় প্রমোটার খুনে (Howrah Murder) অভিযুক্ত হারুন খানের সঙ্গে শাসকদলের যোগের অভিযোগে তোলপাড়! তৃণমূল বিধায়কের বাইকে অভিযুক্ত হারুন, বিজেপির পোস্ট করা ভিডিও ভাইরাল! পাশাপাশি ভাইরাল হারুন কাহ্নের ফেসবুক পোস্ট। যেখানে তৃণমূলের কর্মসূচীতে দেখা গিয়েছে তাঁকে।
হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর বাইকের পেছনে দেখা যায় হারুন খানকে। বিধায়কের গ্রেফতারির দাবী তুলেছে বিজেপি। গৌতম চৌধুরী এই ঘটনাকে “বিচ্ছিন্ন ঘটনা” বলে দাবী করেন। এই খুনি গ্রেফতার হবে বলেও জানান তিনি। অন্যদিকে, মঙ্গলবার বেনিয়াপুকুরে শুটকাউট ঘটনার মূল অভিযুক্ত সলমনের সঙ্গেও শাসকদলের যোগ রয়েছে বলে উঠেছে অভিযোগ। এই পরিস্থিতিতে ‘বাহুবলী’ দুষ্কৃতিদের সঙ্গে শাসকদলের যোগের কথা কার্যত স্বীকার করে নিলেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy)!
“আমি বাহুবলীদের গাড়িতে তুলি না”
দুষ্কৃতিদের “বাহুবলী” বলে উল্লেখ করে তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy) বলেন, এই “বাহুবলীদের নিয়ন্ত্রণ করতে না পারলে কপালে দুঃখ আছে। সুবিধাবাদের রাজনীতি শেষ হওয়া দরকার। এরা ভোটে কোনও কাজে লাগে না”। তিনি আরও বলেন, “আমি এদেরকে তাদের গাড়িতে তুলি না! মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুষ্কৃতিদের প্রশ্রয় দেন না। কিন্তু দলের নীচু স্তরে সমাজবিরোধীদের সঙ্গে সমঝোতা করা হয়”।
“বাহুবলী” দের নিয়ন্ত্রণ না করলে নাগরিক সমাজের বিপদ, বলে বর্ষীয়ান তৃণমূল সাংসদ। সৌগত রায়ের (Saugata Roy) এই চাঞ্চল্যকর মন্তব্যের পর বিজেপির পাল্টা কটাক্ষ, “এতদিনে সৌগত রায়ের বোধদয় হয়েছে। উনি বুঝতে পেরেছেন ওনাকে হয়ত পার্টি টিকিট দেবে না। তাই হয়ত এই বিলম্বিত বোধদয়”!
প্রসঙ্গত, মঙ্গলবারও তিনি দুষ্কৃতি তাণ্ডব নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছিলেন। সোমবার রাত দেড়টা নাগাদ বেনিয়াপুকুরেও রাস্তার উপর শুটআউটে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মহম্মদ সলমন নামক এক যুবক মহম্মদ নিয়াজের উপর ছয় রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় মহম্মদ নিয়াজকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। এখনও অধরা অভিযুক্ত সলমন।
ভোটের আগে রাজ্যে একের পর এক শুটআউটের ঘটনায় আতঙ্কে শহরবাসী। এত পরিমাণ আগ্নেয়াস্ত্র শহরে ঢুকছেই বা কি করে, উঠছে প্রশ্ন।


