32.7 C
Kolkata
Friday, March 13, 2026
spot_img

‘DA না দিলে ক্ষমতায় থাকার অধিকার নেই’! মমতাকে স্মরণ করিয়ে তোপ কর্মচারী সংগঠনের

Aaj India Desk, কলকাতা: বকেয়া ডিএ (DA) -সহ একাধিক দাবিতে রাজ্যজুড়ে ধর্মঘট (Strike) ডাক দিল সংগ্রামী যৌথ মঞ্চ। শুক্রবার সকাল থেকেই ধর্মঘট সফল করতে জেলায় জেলায় প্রশাসনিক ভবন ও বিভিন্ন সরকারি দপ্তরের সামনে আন্দোলনে সামিল হয়।

সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, সুপ্রিম কোর্ট (Supreme Court) ও হাইকোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকার (State Government) কে দ্রুত প্রাপ্য ডিএ (DA) দিতে হবে। পাশাপাশি যোগ্য অনিয়মিত কর্মীদের স্থায়ীকরণসহ একাধিক দাবি সামনে রেখে ১৩ মার্চ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ধর্মঘটকে সফল করতে সকাল থেকেই বিভিন্ন সরকারি দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন আন্দোলনকারীরা। দপ্তরে কাজে যোগ দিতে আসা কর্মী ও আধিকারিকদের ধর্মঘটে সামিল হওয়ার আবেদনও জানানো হয়।

শুধু জেলা স্তরেই নয়, কলকাতাতেও বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের সামনে প্রতিবাদ দেখা যায়। খাদ্য ভবন ও শিক্ষা ভবনের সামনেও আন্দোলনকারীরা বিক্ষোভ দেখান এবং ধর্মঘটের সমর্থনে স্লোগান তোলেন।

এদিন কোচবিহার শহরেও ধর্মঘটের সমর্থনে রাস্তায় নামেন আন্দোলনকারীরা। শহরের বিভিন্ন সরকারি দপ্তরের সামনে বিক্ষোভ করা হয়। কোচবিহার জেলাশাসকের দপ্তর, সদর মহকুমা শাসকের দপ্তর সহ একাধিক সরকারি অফিসের গেটেও লাগানো হয় ধর্মঘটের পোস্টার। পাশাপাশি চলে মিছিল ও পথসভা।

ধর্মঘট সমর্থনকারীদের দাবি, আদালতের নির্দেশ অনুযায়ী অবিলম্বে বকেয়া ডিএ (DA)প্রদান করতে হবে রাজ্য সরকারকে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে বলেও জানিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতারা।

মমতাকে নিশানা সংগ্রামী যৌথ মঞ্চের নেতার

ডিএ ইস্যুকে কেন্দ্র করে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)-র বিরুদ্ধে তীব্র সুরে আক্রমণ শানালেন সংগ্রামী যৌথ মঞ্চের রাজ্য নেতা চন্দন চট্টোপাধ্যায় (Chandan Chattopadhyay)। তাঁর অভিযোগ, রাজ্যের সরকারি কর্মীদের ন্যায্য দাবি দীর্ঘদিন ধরেই উপেক্ষা করছে রাজ্য সরকার। একটি সভা থেকে চন্দন চট্টোপাধ্যায় বলেন, রাজ্যের সরকারি কর্মচারীরাই এবার মানুষের কাছে পৌঁছে জানাবেন সরকারের কাজকর্মের বাস্তব চিত্র। তাঁর দাবি, সরকারি কর্মীরা রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মানুষকে বোঝাবেন কীভাবে দুর্নীতি ও বঞ্চনার অভিযোগ উঠছে বর্তমান সরকারের বিরুদ্ধে।

এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও অভিযোগ করেন, আন্দোলন ভাঙতে তৃণমূলের পক্ষ থেকে হামলার চেষ্টা করা হয়েছিল। তবে কর্মচারীদের প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন তিনি।
চন্দন চট্টোপাধ্যায় বলেন, ডিএ না দেওয়া নিয়ে আগেও মুখ্যমন্ত্রী মন্তব্য করেছিলেন , যে সরকার কর্মীদের প্রাপ্য ডিএ দিতে পারে না, তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই। সেই কথাই এবার তাঁকে মনে করিয়ে দিয়ে তিনি বলেন, সরকারি কর্মচারীরা কঠোর পরিশ্রম করে রাজ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, অথচ তারাই বঞ্চনার শিকার হচ্ছেন। এই ইস্যুতেই আগামী দিনে রাজনৈতিক লড়াই আরও তীব্র হবে বলেও ইঙ্গিত দেন তিনি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন