স্নেহা পাল, কলকাতা: পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়ায় ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ সংবিধানের অনুচ্ছেদ ১৪ ও অনুচ্ছেদ ৩২৪ এর পরিপন্থী। এই বিভেদের ভিত্তিতেই SIR প্রক্রিয়া সম্পন্ন হওয়ার মুখে এই বিষয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) অভিযোগ দায়ের করা হয়।
সোমবার সেই ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ সংক্রান্ত অভিযোগে দায়ের হওয়া রিট পিটিশনের মামলা ছিল। কিন্তু ওই মামলা শুনতে অস্বীকার করে সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ।
পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন নিয়ে ওঠা এই অভিযোগ সংবিধানের অনুচ্ছেদ ৩২ এর সীমিত পরিসরে বিচারযোগ্য নয় বলে স্পষ্ট বক্তব্য আদালতের। শেষ পর্যন্ত রিট পিটিশনটি খারিজ করা হয়। তবে আদালত জানায় আইন অনুযায়ী নির্ধারিত কর্তৃপক্ষের কাছে আবেদনকারী আপত্তি জানাতে পারবেন এবং তা বিধি মেনে বিবেচিত হবে।
উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি একই বেঞ্চ একাধিক মামলার প্রেক্ষিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিল যে ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ হিসেবে চিহ্নিত ব্যক্তিদের যাচাই প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। সোমবার সরাসরি হস্তক্ষেপ না করলেও সুপ্রিম কোর্ট (Supreme Court) অভিযোগকারীদের নির্বাচন কমিশনের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেয়। ফলে ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ বিতর্কে এখন পরবর্তী পদক্ষেপ কমিশনের হাতেই।


