পশ্চিম মেদিনীপুর: ২০১৪-এ কেন্দ্রে ক্ষমতায় আসার আগে বছরে ২ কোটি চাকরি দেওয়ার (Job Promises) প্রতিশ্রুতি দিয়েছিল নরেন্দ্র মোদীর বিজেপি। শুধু তাই নয়, প্রত্যেক দেশবাসীর ব্যাংক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা ঢোকার মেগা প্রতিশ্রুতি দিয়ে কেন্দ্রে সরকার গড়েছিল বিজেপি। সেই ১৫ লক্ষের আশায় এখনও দিন গুনছে দেশবাসী। কিন্তু ২ কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করেছে বলে অবশেষে জানুয়ারি মাসে দাবী করেছে কেন্দ্র সরকার। এবার বাংলার পালা।
চাকরি, নিয়োগ দুর্নীতি নিয়ে জর্জরিত রাজ্যের তৃণমূল সরকারকে বিঁধতে এই প্রতিশ্রুতি রামবাণ। তাই ইস্তেহার প্রকাশের আগেই বাংলায় নিয়োগ নিয়ে বড় প্রতিশ্রুতি (Job Promises) দিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুক্রবার পশ্চিম মেদিনীপুরের দাঁতনে একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন তিনি। বিজেপি ক্ষমতায় এলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই ৬ লক্ষ যুবক-যুবতীর ‘বেকার কলঙ্ক’ ঘুচবে বলে দাবী করলেন তিনি।
সেইসঙ্গে প্রতি বাড়িতে সোলার প্যানেলের জন্য ৮০ হাজার টাকা দেওয়ার পাশাপাশি সরকারি কর্মচারী, শিক্ষক, পুলিশ ও অবসরপ্রাপ্তদের বকেয়া ডিএ মেটানোর প্রতিশ্রুতিও দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এছাড়াও এসএসসি-পিএসসি পরীক্ষায় আবেদনের সময়সীমা ৫ বছর বাড়ানো হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
১৫ লক্ষ না হলেও মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে ৩ হাজার
ভোটের দামামা বাজতেই বিজেপির সুপ্রিমো থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব, সকলের মুখেই শোনা গিয়েছে যে ক্ষমতায় এলেই মহিলাদের অ্যাকাউন্টে ৩০০০ টাকা ঢুকবে। মহিলাদের অ্যাকাউন্টে নগদ ঢোকানোর সুফলের সম্প্রতি উদাহরণ বিহার। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও লক্ষ্মীর ভান্ডার ছিল গেম চেঞ্জার। সেই লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ আরও ৫০০ টাকা বাড়িয়ে ১৫০০ করে দিয়েছে তৃণমূল সরকার। সেই মডেলেই ভর করে ময়দান দখলের লড়াইয়ে নেমেছে বিজেপি। আগামী ৫ এপ্রিল আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ইস্তেহার করতে পারে বিজেপি, বলে জানা গিয়েছে।


