কলকাতা: বৃহস্পতিবার রাজ্যসভার মনোনয়ন জমার (Rajya Sabha Nomination filing) শেষদিনে রাজীব কুমার, মেনকা গুরুস্বামী, বাবুল সুপ্রিয়র পাশাপাশি মনোনয়ন জমা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক (Koyel Mallik)। অন্যদিকে, এদিন বিজেপির তরফে মনোনয়ন জমা দেন প্রাক্তন রাকজ্য সভাপতি রাহুল সিনহা। উল্লেখ্য, এদিন থেকেই আনুষ্ঠানিকভাবে কোয়েলের রাজনৈতিক যাত্রার সূচনা হল।
বলা বাহুল্য, প্রতিবারই রাজ্যসভার প্রার্থী মনোনয়নে বিশেষ চমক রাখে তৃণমূল কংগ্রেস। এবার মেনকা গুরুস্বামী এবং বাবুল সুপ্রিয় ছাড়া কোয়েল এবং রাজীব কুমারের নাম যথেষ্ট চমকপ্রদ ছিল বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। গেরুয়া শিবির ছাড়ার পর বাবুল সুপ্রিয়র সঙ্গে মমতা-অভিষেক উভয়েরই ভালো সম্পর্ক দেখা গিয়েছে। পাশাপাশি, মেনকা গুরুস্বামীকে প্রার্থী করা নিয়ে বিশ্লেষকদের ধারণা। শহুরে মানুষের আস্থা পেতে এই সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। তবে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে আইপিএস তথা প্রাক্তন ডিজি রাজীব কুমার এবং অভিনেত্রী কোয়েল মল্লিককে (Koyel Mallik) নিয়ে।
ভারপ্রাপ্ত ডিজি পদে মেয়াদ না বাড়ানো, মেসিকাণ্ডের পরে শো কজ, প্রকাশ্যে তিরস্কারের পরও রাজীব কুমারের (Rajiv Kumar) প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থা যে এতটুকুও টলেনি, তারই প্রমাণ মিলল রাজ্যসভার প্রার্থী তালিকা (Rajya Sabha candidate) ঘোষণার মধ্য দিয়ে। রাজীব কুমারের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থায় যোগদানের জল্পনাকে হাওয়ায় উড়িয়ে তাঁকে নিজের ঘনিষ্ঠ বৃত্তেই রেখে দিলেন মমতা, এমনটাই ধারণা করা হচ্ছে।
পাঁচালির দিনই প্রক্রিয়া শুরু?
অন্যদিকে, কোয়েল মল্লিককে প্রার্থী করার সঙ্গে রঞ্জিত মল্লিকের হাতে উন্নয়নের পাঁচালি তুলে দেওয়ার যোগসূত্র মেলাচ্ছেন অনেকেই। বস্তুত, গত ১৪ জানুয়ারি বিকেলের দিকে হঠাৎ গল্ফ ক্লাব রোডে মল্লিকবাড়িতে উপস্থিত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। টলিউডের বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের হাতে উন্নয়নের পাঁচালি তুলে দিয়েছিলেন তিনি। বিধানসভা নির্বাচনের বছরের শুরুতেই রঞ্জিত মল্লিকের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ শুধু শিরোনাম না জল্পনারও জন্ম দিয়েছিল। যদিও সেই সাক্ষাতে কোয়েল মল্লিক (Koyel Mallik) উপস্থিত ছিলেন না। তবে রঞ্জিত-কন্যাকে দলে টানার প্রক্রিয়া সেদিনই শুরু হয়ে গিয়েছিল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
মনোনয়ন জমা দিতে গিয়ে কি বললেন কোয়েল মল্লিক?
এদিন বাকি তিন প্রার্থীর সঙ্গে রাজ্যসভায় মনোনয়ন (Rajya Sabha Nomination filing) জমা দিতে যান কোয়েল মল্লিক (Koyel Mallik)। তিনি বলেন, “প্রায় ২০-২১ বছর চলচ্চিত্র জগতে কাজ করছি। সবটাই সম্ভব হয়েছে মানুষের ভালোবাসা ও আশীর্বাদে। আসা করি, আমার এই নতুন যাত্রাতেও একইভাবে মানুষকে পাশে পাবো”।


