23.4 C
Kolkata
Sunday, February 22, 2026
spot_img

শিলিগুড়িতে খাদ্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন : স্বাস্থ্য দপ্তরের হানায় ফাঁস অন্দরমহলের চিত্র

Aaj India Desk, শিলিগুড়ি: সম্প্রতি শিলিগুড়ি (Siliguri) শহরে একাধিক নামী খাবারের দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, অনিয়মিত খাদ্য সংরক্ষণ এবং পচা খাবার উদ্ধারের অভিযোগ ওঠে। শনিবার সকালে আচমকাই শিলিগুড়ির এনটিএস মোড় ও দেশবন্ধু পাড়া এলাকায় একাধিক মিষ্টির দোকান ও রেস্তোরাঁয় হানা দেয় ফুড সেফটি দপ্তর।

দেশবন্ধু পাড়ার একটি পরিচিত মিষ্টির দোকানের রান্নাঘরে গিয়ে কর্মকর্তারা অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগ করেন। ফ্রিজ থেকে রান্না করা মাংস উদ্ধার হয়। স্বাস্থ্য দপ্তরের দাবি, নির্দিষ্ট অনুমতি ছাড়াই সেখানে মাংস সংরক্ষণ করা হচ্ছিল। পাশাপাশি দোকানের বাসনপত্র সেপটিক ট্যাঙ্কে ধোয়া হচ্ছিল যা স্বাস্থ্যবিধির পরিপন্থী।

এনটিএস মোড়ের একটি ক্যাফেতেও অনিয়ম ধরা পড়ে। সেখানে সংরক্ষিত মাংসে পোকা দেখা যায় বলে অভিযোগ। রেফ্রিজারেটর ও রান্নাঘরের পরিবেশও অপরিচ্ছন্ন ছিল বলে জানানো হয়েছে। পচা খাবার বাজেয়াপ্ত করা হয়েছে এবং নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

ফুড সেফটি দপ্তর জানিয়েছে, প্রাথমিকভাবে একাধিক অনিয়মের প্রমাণ মিলেছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে শোকজ নোটিস দেওয়া হয়েছে। প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর।

দেশবন্ধু পাড়ার ওই মিষ্টির দোকানের অগ্নিনির্বাপণ ব্যবস্থাও খতিয়ে দেখে দমকল বিভাগ। দমকল আধিকারিক রণবীর চৌধুরী বলেন, “ফায়ার ফাইটিং সিস্টেম ঠিক নেই। ২৪ ঘণ্টার সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে ব্যবস্থা না নিলে প্রয়োজনে দোকান বন্ধ করে দেওয়া হবে।”

শিলিগুড়ি (Siliguri) পুরনিগমের ফুড বিভাগের ডিরেক্টর রাজ ঘোষ জানান, “শহরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। এর সাথে খাদ্য ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে চলারও নির্দেশ দেওয়া হয়েছে।”

অভিযানের পর শহরবাসীর একাংশের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। নিয়মিত নজরদারি হলেও আদৌ পরিস্থিতি বদলাবে কি না, তা নিয়ে উঠছে প্রশ্ন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন