29 C
Kolkata
Tuesday, March 31, 2026
spot_img

‘সাপ্লিমেন্টারি’ ভোটার তালিকা ঘিরে বিক্ষোভ, নাম বাদ পড়ায় ভোট বয়কটের ডাক গ্রামবাসীর !

Aaj India Desk, হুগলি : হুগলির আরামবাগে (Arambagh) সাপ্লিমেন্টারি ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগে একাধিক এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। খানাকুল, হরিঙ্কোলা ও মায়াপুরসহ বিভিন্ন গ্রামে রাস্তা অবরোধ, BLO-র বাড়ির সামনে প্রতিবাদ এবং রাজনৈতিক প্রতিনিধিদের ঘেরাওয়ের ঘটনায় উত্তপ্ত আরামবাগ।

কোথায় কোথায় বিক্ষোভ ? 

সকাল থেকেই খানাকুলের বালপাই এলাকায় রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। একই সময়ে আরামবাগের (Arambagh) হরিঙ্কোলার গোলামিচক গ্রামে BLO-র বাড়ির সামনে বিক্ষোভ শুরু হয়। মায়াপুর এলাকায়ও সিপিএম প্রার্থী বীথিকা পণ্ডিতকে ঘিরে ক্ষোভ উগরে দেন নাম বাদ পড়া ভোটাররা। তাঁদের প্রশ্ন, “নাম না থাকলে ভোট দেব কীভাবে?”

কতজনের নাম বাদ পড়েছে ?

স্থানীয় সূত্রে জানা গেছে, মায়াপুর ১ গ্রাম পঞ্চায়েতের ১৬৬ নম্বর বুথে ২৬১ জন ‘আন্ডার ট্রায়াল’ ভোটারের মধ্যে ১০৫ জনের নাম বাদ পড়েছে। হরিঙ্কোলা ১ গ্রাম পঞ্চায়েতের দর্জিপোতা গ্রামের ৬০ নম্বর বুথে প্রায় ১২০০ ভোটারের মধ্যে ১০৬ জনের নাম তালিকায় নেই। খানাকুল ব্লক ২-এর ২৫৬ নম্বর বুথে ১৩৬ জনের নাম বাদ পড়ার অভিযোগ উঠেছে। সিঙ্গুরেও একই চিত্র। ১১০ নম্বর বুথে ৫৬৮ জনের মধ্যে ৬০ জনের নাম বাদ পড়েছে বলে অভিযোগ, যাঁদের অধিকাংশই সংখ্যালঘু সম্প্রদায়ের।

আরামবাগের (Arambagh) গ্রামবাসীদের অভিযোগ, একই পরিবারের মধ্যে কারও নাম আছে, কারও নেই। কোথাও বাবা-মায়ের নাম থাকলেও ছেলের নাম বাদ পড়েছে, আবার কোথাও উল্টো চিত্র। তাঁদের দাবি, নির্বাচন কমিশনের নির্ধারিত নথির শর্ত পূরণ করা সত্ত্বেও নাম বাদ পড়েছে। এর পেছনে ‘ত্রুটি বা ষড়যন্ত্র’ থাকতে পারে বলেও অভিযোগ করেন অনেকেই।

আতান্তরে BLO রা

BLO ভারতী ঘোষ বলেন, “শুধু আমার বুথ নয়, একাধিক বুথে একইভাবে নাম বাদ পড়েছে। সমস্ত নথি জমা দেওয়া হয়েছে। তারপরও নাম না থাকাটা দুঃখজনক।” আর এক BLO সাইফুল মালিক জানান, “আমি নিয়ম মেনে কাজ করেছি। কীভাবে এই ঘটনা ঘটল বুঝতে পারছি না।” অঞ্চলের তৃণমূল নেতা শেখ রফিক ইসলাম বলেন, “এভাবে ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। এর বিরুদ্ধে আমরা প্রশ্ন তুলছি।” অন্যদিকে সিপিএম নেতা পূর্ণেন্দু চট্টোপাধ্যায় যাঁদের নাম বাদ পড়েছে তাঁদের মহকুমা শাসকের দপ্তরে গিয়ে গণআন্দোলন করার আহ্বান জানান।

বিক্ষোভকারীদের একাংশ হুঁশিয়ারি দিয়েছেন, নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত না হলে ভোট বয়কট বা ভোট বন্ধের ডাক দেওয়া হতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন জায়গায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন