18 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

বিকাশভবনে বিক্ষোভ : ‘ভিক্ষা’য় ক্ষুদ্ধ প্যারা শিক্ষক!

স্নেহা পাল, কলকাতা: কিছুদিন আগেই বিধানসভায় বাজেট পেশ করা হয়। সেই বাজেটে বিভিন্ন ‘জনমুখী’ প্রকল্প ও ভাতা বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে আগামী এপ্রিল থেকে প্যারা শিক্ষক (Para teachers) , টিচিং অ্যাসিস্ট্যান্ট, সহায়ক ও ব্যবস্থাপনা কর্মীদের মাসিক ভাতা ১,০০০ টাকা বাড়ানোর ঘোষণা করা হয়। ২০২৬-২৭ অর্থবর্ষে এই খাতে মোট ১১০ কোটি বরাদ্দের প্রস্তাব রয়েছে। কিন্তু সেই সিদ্ধান্তে সন্তুষ্ট নন প্যারা শিক্ষক (Para teachers) ও শিক্ষা সহায়করা।

আশাকর্মীদের পর এবার পর্যাপ্ত বেতন বৃদ্ধির দাবিতে মঙ্গলবার বিকাশ ভবন অভিযান করেন প্যারা শিক্ষকরা (Para teachers)। সল্টলেকের পিএনবি মোড়ে পৌঁছনোর পর পুলিশ তাঁদের আটকাতে গেলে দু’পক্ষের মধ্যে বচসা ও ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ব্যারিকেড ব্যবহার করে।

একই দিনে সহায়ক শিক্ষক ও শিক্ষা কর্মীরাও সর্বশিক্ষা মিশনের ফাইল কার্যকর করার দাবিতে পৃথক কর্মসূচি নেন। বিকাশ ভবনের সামনে পুলিশ গার্ডরেল বসিয়ে মিছিল থামানোর চেষ্টা করলে আন্দোলনকারীরা তা টপকে এগোতে চায়। ফলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। এই সময় কয়েকজন আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েন।

মিছিল থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে ‘ধিক্কার’ স্লোগান ওঠে। এক আন্দোলনকারী বলেন, “আমাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তাই আমরা ভিক্ষার ১০০০ টাকা ফেরত দিতে এসেছি।”

আন্দোলনকারীদের অভিযোগ, ২০১৮ সালের পর থেকে সর্বশিক্ষা মিশনের আওতাধীন পার্ট টাইম শিক্ষক ও শিক্ষা কর্মীদের ভাতা কার্যত অপরিবর্তিত রয়েছে। তাঁদের দাবি, সাধারণ শ্রমিকের তুলনায়ও তাঁদের পারিশ্রমিক কম। তাই বাজেট ঘোষণার পরেও আন্দোলন অব্যাহত রয়েছে বলে জানান তাঁরা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন