স্নেহা পাল, কলকাতা : পশ্চিমবঙ্গের বাম রাজনীতির পরিচিত মুখ মীনাক্ষী মুখার্জি (Minakshi Mukherjee)। আসন্ন বিধানসভা নির্বাচনে কোন কেন্দ্র থেকে তাঁর প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে জল্পনা।
সম্প্রতি উত্তরপাড়ায় ধারাবাহিক জনসংযোগ কর্মসূচি চালাচ্ছেন CPI(M) এর যুব সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মীনাক্ষী মুখার্জি (Minakshi Mukherjee)। বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের দৈনন্দিন সমস্যা জানার চেষ্টা করছেন তিনি। পাশাপাশি গণ অর্থ সংগ্রহ কর্মসূচিও চলছে এলাকায়। এই সক্রিয় উপস্থিতির মধ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তরপাড়া কেন্দ্র থেকে তাঁর প্রার্থী হওয়ার সম্ভাবনা ফুটে উঠছে বলে একাংশের মত।
স্থানীয় সূত্রের দাবি, উত্তরপাড়ায় দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সক্রিয়তা তুলনামূলকভাবে কম। সেই শূন্যতাতেই জনসংযোগ বাড়িয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর কৌশল নিচ্ছেন মীনাক্ষী।
বামফ্রন্টের অন্দরেও উত্তরপাড়া নিয়ে আলোচনা শুরু হয়েছে। যদিও এখনও দলীয় স্তরে প্রার্থী ঘোষণা করা হয়নি, তবে মীনাক্ষীর (Minakshi Mukherjee) নিয়মিত উপস্থিতি ও সাংগঠনিক তৎপরতাকে রাজনৈতিক ইঙ্গিত হিসেবেই দেখছেন পর্যবেক্ষকরা।


