স্নেহা পাল, কলকাতা : বিধানসভা ভোট যত এগিয়ে আসছে তত রাজ্য রাজনীতিতে তৎপরতা বাড়ছে। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। সেই ধারাবাহিকতায় ফের পশ্চিমবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।
এর আগে চলতি বছরের ৩০ জানুয়ারি কলকাতায় এসেছিলেন অমিত শাহ (Amit Shah)। ওই দিন রাতে তিনি কলকাতার একটি হোটেলে রাজ্য বিজেপি সভাপতি শমিক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় মন্ত্রী ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠক করেন। বিজেপি সূত্রে জানা যায়, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ও দলের প্রস্তুতি নিয়ে বিস্তর আলোচনা হয়। পাশাপাশি ব্যারাকপুরে এবং উত্তরবঙ্গের শিলিগুড়িতে দলীয় কর্মসূচিতে যোগ দেন তিনি।
জনসভায় ইতি দিয়ে বৈঠকে যোগ
সূত্রের খবর, এরই মধ্যে আগামী ১৮ ফেব্রুয়ারি ফের পশ্চিমবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এবার আর কোনও প্রকাশ্য জনসভা করবেন না তিনি। কারণ, ওই সময় রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষা চলবে। পরীক্ষার পরিবেশের কথা মাথায় রেখেই জনসভা এড়ানো হচ্ছে। তার বদলে রাজ্য নেতৃত্বের সঙ্গে ধারাবাহিক সাংগঠনিক বৈঠককেই গুরুত্ব দেওয়া হবে।বুথ স্তরের প্রস্তুতি, নির্বাচনী রণকৌশল এবং মাঠপর্যায়ের কাজ নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।
*দিল্লিতে বাড়ছে কেন্দ্রীয় তৎপরতা*
রাজ্য সফরের পাশাপাশি দিল্লিতেও সক্রিয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন নয়াদিল্লিতে বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি স্পষ্টভাবে নির্দেশ দেন, শুধু মঞ্চে ভাষণ দিলে চলবে না, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে হবে। রাজনৈতিক মহলের মতে, অমিত শাহের বারবার বাংলা সফর বিজেপির জনসংযোগকে অগ্রাধিকার দেওয়ার কৌশলেরই প্রতিফলন।


