স্নেহা পাল, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সীমান্ত নিরাপত্তা ও অনুপ্রবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
রবিবার x (পূর্বে টুইটার) -এ শুভেন্দু (Suvendu) দাবি করেন, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকলে সংবিধানের বদলে ধর্মভিত্তিক শাসনের আশঙ্কা রয়েছে। এর ফলে সীমান্ত নিরাপত্তা দুর্বল হতে পারে। তাঁর বক্তব্য অনুযায়ী, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে ভারতের পূর্ব সীমান্তে বাড়তি সতর্কতা প্রয়োজন।
কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও রাজ্যে তৃণমূল কংগ্রেস সীমান্তে কাঁটাতার নির্মাণের জন্য জমি অধিগ্রহণে কেন্দ্রীয় বাহিনীকে পর্যাপ্ত সহযোগিতা করছে না বলেও অভিযোগ জানান শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, “তৃনমূল কংগ্রেস ক্ষমতায় থাকলে মহিলাদের বোরখা পড়ে ঘুরতে হবে। তাই বাংলার মেয়ে বোনদেরই এগিয়ে আসতে হবে।”
বিরোধী দলনেতার মতে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ রোধে জিরো টলারেন্স নীতি এবং নিরাপত্তাকেন্দ্রিক প্রশাসন জরুরি। তাঁর বক্তব্যে সীমান্ত নিরাপত্তা নিয়ে রাজনৈতিক অবস্থান আরও স্পষ্ট হলেও, বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।


