36 C
Kolkata
Thursday, April 2, 2026
spot_img

“একটাই পোস্ট , বাকি সব ল্যাম্পপোস্ট” : রাজনীতির আলোতে জ্বলছে সোনারপুর !

Aaj India Desk, দক্ষিণ ২৪ পরগণা : ভোটের আগে সোনারপুর (Sonarpur) দক্ষিণ বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। সাথে সাথে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন সোনারপুর দক্ষিণের গতবারের বিজয়ী তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র।

নির্বাচনী প্রচারের মাঝেই সোনারপুরের বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, “ওদের একটাই পোস্ট, বাকিরা সব ল্যাম্পপোস্ট।” সরাসরি কোনও ব্যক্তির নাম না করলেও, এই মন্তব্যকে কেন্দ্র করে দ্রুত রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়। অনেকের মতে, সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিতেই এই মন্তব্য করেন রুপা। ফলে এই মন্তব্যকে ঘিরে সোনারপুর দক্ষিণে রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপির তরফে এটিকে রাজনৈতিক সমালোচনা হিসেবে দেখা হলেও, বিরোধীরা এটিকে অসম্মানজনক মন্তব্য বলেই ব্যাখ্যা করছে।

উন্নয়ন নিয়ে প্রশ্ন 

শুধু কটাক্ষ নয়, এলাকার উন্নয়ন নিয়েও প্রশ্ন তোলেন রূপা। তাঁর অভিযোগ, সোনারপুর (Sonarpur) দক্ষিণে বরাদ্দ অর্থ সঠিকভাবে ব্যবহার করা হয়নি এবং বাস্তব উন্নয়নের চিত্র ততটা দৃশ্যমান নয়। তিনি দাবি করেন, স্থানীয় মানুষ উন্নয়নের অভাব নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন, যা নির্বাচনে প্রভাব ফেলবে।

পাল্টা জবাব লাভলির 

অন্যদিকে, রূপার মন্তব্যের জবাবে লাভলি মৈত্র বলেন, “ওটা ওঁদের এবং ওঁদের দলের সংস্কৃতি। আমি ব্যক্তিগত আক্রমণে বিশ্বাস করি না।” তিনি সরাসরি পাল্টা কটাক্ষ না করলেও, রাজনৈতিকভাবে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। পাশাপাশি লাভলি আরও অভিযোগ করেন, বিজেপি প্রায়শই মহিলাদের সম্মান দেয় না। বিজেপি শাসিত রাজ্যগুলিতে মহিলাদের অবস্থার কথা তুলে তীব্র সমালোচনা করেন তিনি।

সৌজন্য বজায় রাখার বার্তা

তবে রাজনৈতিক উত্তাপের মাঝেও ব্যক্তিগত সৌজন্যের বার্তা দিতে ভোলেননি লাভলি। তিনি প্রতিদ্বন্দ্বী রূপা গাঙ্গোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে সম্মান জানান। এই অবস্থানকে অনেকেই নির্বাচনী কৌশল হিসেবেও দেখছেন, যেখানে সরাসরি সংঘাত এড়িয়ে ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।

রূপার তোলা উন্নয়ন সংক্রান্ত অভিযোগের সরাসরি জবাব দেননি লাভলি। তিনি বলেন, শেষ পর্যন্ত ভোটের ফলাফলই প্রমাণ করবে মানুষ কাদের পাশে রয়েছে।এই মন্তব্য থেকে স্পষ্ট, তৃণমূল প্রার্থী এখনই বিতর্ক বাড়ানোর পথে হাঁটতে চাইছেন না।

সব মিলিয়ে, সোনারপুর (Sonarpur) দক্ষিণ কেন্দ্র এখন দুই শিবিরের বাকযুদ্ধের কেন্দ্রবিন্দুতে। নির্বাচনের আগে এই ধরনের মন্তব্য ও পাল্টা প্রতিক্রিয়া রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে তুলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের যত দিন এগোবে, ততই এই ধরনের আক্রমণ ও পাল্টা আক্রমণ আরও তীব্র হতে পারে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন