স্নেহা পাল, কলকাতা: মঙ্গলবার কলকাতায় কয়লা পাচার মামলায় ED গ্রেপ্তার করে চিন্ময় মণ্ডল ও কিরণ খানকে। EDর সূত্রে জানা যায়, জিজ্ঞাসাবাদে এই দু’জনের কাছ থেকে পাচার সংক্রান্ত গুরুত্বপূর্ণ আর্থিক তথ্য পাওয়া গেছে।
EDর তদন্তে উঠে আসে, চিন্ময় মণ্ডল ও কিরণ খান কয়লা এবং বালি পাচার চক্রের একটি গুরুত্বপূর্ণ আর্থিক ও অপারেশনাল অংশ সামলাতেন। বিভিন্ন তল্লাশিতে তাঁদের কাছ থেকে বিপুল অঙ্কের অঘোষিত নগদ টাকা এবং নথিও উদ্ধার হয়।
তদন্তকারী সংস্থা EDর দাবি, এই চক্র থেকে প্রভাবশালী মহলের কাছে ‘প্রোটেকশন মানি’ পৌঁছে দেওয়ার কাজেও যুক্ত ছিলেন তাঁরা।
অন্যদিকে ওই দুই অভিযুক্তের জেরায় বিজেপির এক শীর্ষ নেতার নাম উঠে এসেছে বলে দাবি করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর দাবি, ওই নেতার কাছে নিয়মিত মোটা অঙ্কের টাকা যেত। বিষয়টি ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি হয়েছে।
মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় করা এক পোস্টে কুণাল ঘোষ জানান খবর পেয়ে ওই বিজেপি নেতা নাকি দিল্লি গিয়েছেন বিষয়টি সামাল দিতে। ED ওই বিজেপি নেতার বিরুদ্ধেও পদক্ষেপ নেবে নাকি দিল্লি থেকে রাজনৈতিক রক্ষাকবচ আসবে তা নিয়েও প্রশ্ন তোলেন কুণাল ঘোষ।
যদিও এখনও পর্যন্ত EDর তরফে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা নোটিস জারির কথা প্রকাশ্যে জানানো হয়নি।


