Aaj India Desk, কলকাতা : মেট্রো চ্যানেলে ধর্না মঞ্চের দ্বিতীয় দিনেও কেন্দ্র সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র সুর শোনা গেল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) -র কণ্ঠে। শনিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই ধর্না কর্মসূচি চলবে বলে জানানো হয়েছে।
ধর্নার শুরু থেকেই রান্নার গ্যাসের লাগাতার মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে নিশানা করেন তিনি। তিনি এও বলেন, ‘গতকালই ৬০ টাকা গ্যাসের দাম বাড়ানো হয়েছে। তার তিন দিন আগেও ৪৯ টাকা বেড়েছিল। এখন বড় সিলিন্ডারের দাম পৌঁছে গিয়েছে প্রায় ২১০০ টাকায়, আর ছোট সিলিন্ডারের দাম প্রায় ১০০০ টাকা।’এখানেই থেমে থাকেননি , তিনি বুকিং ব্যবস্থার কথাও তুলে ধরে প্রশ্ন তোলেন। তাঁর কথায়, ‘২১ দিন আগে থেকে বুক করতে হবে। কিন্তু কারও বাড়িতে যদি হঠাৎ গ্যাস শেষ হয়ে যায়, তাহলে কি ২১ দিন রান্না বন্ধ থাকবে? মানুষ খাবে কী?’
গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আন্তর্জাতিক নারী দিবসে( International Womens Day )ফের রাজপথে নামার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। মেট্রো চ্যানেলের ধর্না মঞ্চ থেকেই তিনি ঘোষণা করেন, এদিন প্রতিবাদ মিছিল হবে একটু অন্যভাবে মহিলারা হাতে হাতা-খুন্তি ও রান্নাঘরের সামগ্রী নিয়েই পথে নামবেন।
গ্যাসের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনে বড় চাপ তৈরি করছে বলেও দাবি করেন তিনি। এই পরিস্থিতিতে কেন্দ্রের সিদ্ধান্তের কড়া সমালোচনা করে ধর্না মঞ্চ থেকেই প্রতিবাদের সুর আরও চড়ালেন মুখ্যমন্ত্রী।
এই কর্মসূচিতে সমাজের সবস্তরের মহিলাদের অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, গ্যাসের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ প্রকাশ করতেই এই প্রতীকী প্রতিবাদ। নারী দিবসে (International Womens Day)- র দিন মহিলাদের ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে প্রতিবাদের বার্তা দেওয়ার ডাকও দেন তিনি। তাঁর বক্তব্য, “গ্যাস নেই, রান্না নেই – রান্না না হলে খাবারও নেই “। সেই বার্তাই তুলে ধরতে এই মিছিল।
তিনি আরও বলেন, মানবতার স্বার্থে মা-বোনেদের রাস্তায় নেমে প্রতিবাদ জানানো উচিত। চাইলে অনেকে কালো শাড়ি পরে মিছিলে অংশ নিতে পারেন বলেও উল্লেখ করেন তিনি। এমনকি কেউ চাইলে প্রতীকীভাবে গ্যাসের ওভেন বা ঝুড়ি ভর্তি কাঁচা সবজি সঙ্গে আনতে পারেন বলেও জানান মুখ্যমন্ত্রী। তাঁর মতে, এইভাবেই সাধারণ মানুষের দুর্ভোগের ছবি তুলে ধরা হবে রাজপথে।


