22 C
Kolkata
Saturday, March 21, 2026
spot_img

ভোটের মুখে গাফিলতি স্বীকার! আর জি কর ঘটনায় কি বললেন অতীন ঘোষ?

কলকাতা: ভোটের মুখে আর জি করে (R.G. Kar) ফের মৃত্যু। শুক্রবার সকালে আর জি কর হাসপাতালের লিফটে আটকে প্রাণ হারিয়েছেন ৪০ বছরের এক ব্যক্তি। এই ঘটনায় প্রশাসনিক ব্যর্থতার কথা স্বীকার করে নিলেন তৃণমূল বিধায়ক তথা আর জি করের রোগী কল্যাণ সমতির সদস্য অতীন ঘোষ (Atin Ghosh)। সোমবার সমতির জরুরী বৈঠক ডাকবেন তিনি। অতীন ঘোষ বলেন, “ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দিতে হবে। প্রশাসনিক ব্যবস্থার উপরও নজর দিতে হবে। ভবিষ্যতে এই ধরণের ঘটনা যাতে এড়ানো যায় তার ব্যবস্থা নিতে হবে।”

অভয়া কান্ডের পরও ঢিলেঢালা নিরাপত্তা?

প্রশ্ন উঠছে, ২০২৪-এ সমগ্র দেশকে নাড়িয়ে দেওয়ার ঘটনার পরও আর জি করের (R.G. Kar) নিরাপত্তা মজবুত করা সম্ভব হয়নি! নাইট ডিউটিতে থাকা চিকিৎসকের গণধর্ষণ খুনের ঘটনায় সবচেয়ে বেশি প্রশ্নের মুখে পড়ে হাসপাতালের নিরাপত্তা। কিন্তু সেই ঘটনার পরও নিরাপত্তা এবং প্রশাসনিক নজরদারি মজবুত করা হল না? উল্লেখ্য, ২০২৪-এর অভয়া কান্ডের পর অতীনের দিকে আঙুল তুলেছিল বিরোধীরা।

আর জি করের আর্থিক তছরুপীর মামলায় উঠে এসেছিল অতীন ঘোষের (Atin Ghosh) নাম। তাঁর বাড়িতে তল্লাশিও চালিয়েছিল সিবিআই। এবার লিফট-কান্ডে অবশ্য হাসপাতাল কর্তৃপক্ষের ঘাড়েই দোষ চাপিয়েছেন অতীন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এই ঘটনার দায় এড়ানোর সুযোগ নেই! লিফ্‌ট পূর্ত দফতরের অধীন হওয়ায় ত্রুটি হলে দায় নিতে হবে সংশ্লিষ্ট আধিকারিকদেরই। নিরাপত্তারক্ষীদের অনুপস্থিতিও গুরুতর গাফিলতি, এবং দায়ী এজেন্সির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত।

কাশিপুর-বেলগাছিয়া কেন্দ্রে ফের টিকিট পেয়েছেন অতীন ঘোষ

উল্লেখ্য, ২০২১ থেকে কাশিপুর-বেলগাছিয়া কেন্দ্রে তৃণমূল বিধায়কের দায়িত্ব পালন করছেন অতীন ঘোষ (Atin Ghosh)। ছাব্বিশের বিধানসভা ভোটেও তাঁকে ওই কেন্দ্র থেকেই প্রার্থী করেছে তৃণমূল। এখন প্রশ্ন উঠছে, আর জি কর অভয়া কান্ডের (R.G. Kar) পর লিফট কান্ড, তাই ভোটের আগে কি সাবধানতা অবলম্বন করছেন অতীন? পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই শুক্রবারের লিফট কান্ডে বেশ কয়েকজনকে থানায় তলব করা হয়েছে। ডাকা হয়েছে লিফট ম্যানকেও। নিরাপত্তা ও নজরদারির দায়িত্বে থাকা দের সঙ্গেও কথা বলবে পুলিশ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন