Aaj India Desk, কলকাতা: পশ্চিমবঙ্গের SIR প্রক্রিয়া সম্পূর্ণ করে শনিবার ধাপে ধাপে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (Election Commission)। কমিশন সূত্রে জানা গেছে, এই পর্যায়ে মোট ৬১,৭৮,২৪৫টি নাম বাদ পড়েছে। চূড়ান্ত তালিকা অনুযায়ী রাজ্যে মোট ভোটার সংখ্যা ৭,০৪,৫৯,২৮৪। তবে যাঁদের নাম তালিকায় নেই বা ‘ডিলিটেড’ দেখাচ্ছে, তাঁরা কী করবেন ? সমাধানের পথ জানালো নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের (Election Commission) তথ্য অনুযায়ী, চূড়ান্ত তালিকায় ৬০,৬৬,৬৭৫টি নাম এখনও ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ বা বিচারাধীন হিসেবে চিহ্নিত রয়েছে। যাঁদের নথি যাচাই সম্পূর্ণ হয়নি, তাঁদের ক্ষেত্রে এই স্ট্যাটাস দেখানো হচ্ছে। যাঁদের নাম চূড়ান্তভাবে বাদ পড়েছে, তাঁদের ক্ষেত্রে ‘Deleted’ লেখা রয়েছে। আর যাঁদের সব নথি সঠিক, তাঁদের নাম ‘Approved’ হিসেবে তালিকাভুক্ত হয়েছে।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক Manoj Kumar Agarwal জানান, “এত বড় কাজের ক্ষেত্রে কিছু ছোটখাটো ভুল হতে পারে। যেখানে ভুল হয়েছে, সেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, যাঁদের নাম বাদ পড়েছে তাঁরা উপযুক্ত নথি দিয়ে প্রথমে জেলা নির্বাচন আধিকারিক (DEO)-এর কাছে আবেদন করতে পারেন। সেখানে সন্তুষ্ট না হলে ১৫ দিনের মধ্যে সিইও-র দফতরে আপিল করা যাবে।
ভোটার তালিকায় নাম না থাকলে কী করবেন ?
যদি চূড়ান্ত ভোটার তালিকায় নিজের নাম না পান, তাহলে নিম্নলিখিত পদক্ষেপ নিন—
১. অনলাইনে যাচাই করুন
রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইট, নির্বাচন কমিশনের অফিসিয়াল পোর্টাল বা EC Net অ্যাপে নিজের নাম ও EPIC নম্বর দিয়ে স্ট্যাটাস যাচাই করুন।
‘Under Adjudication’ থাকলে নথি যাচাই প্রক্রিয়া চলছে। ‘Deleted’ দেখালে নতুন করে আবেদন করতে হবে।
২. ফর্ম-৬ জমা দিন
নাম বাদ পড়লে ফর্ম-৬ পূরণ করে পুনরায় আবেদন করা যাবে। প্রয়োজনীয় পরিচয়পত্র ও ঠিকানার প্রমাণ জমা দিতে হবে। অনুমোদন হলে পরবর্তী সম্পূরক তালিকায় নাম যুক্ত হবে।
৩. অফলাইনে BLO-র সঙ্গে যোগাযোগ করুন
নিজের বুথ লেভেল অফিসার (BLO)-এর কাছে গিয়ে হার্ড কপি তালিকা দেখে নিতে পারেন এবং প্রয়োজনীয় ফর্ম সংগ্রহ করতে পারেন।
৪. আপিলের সুযোগ
যাঁদের আবেদন খারিজ হয়েছে, তাঁরা ১৫ দিনের মধ্যে নির্ধারিত কর্তৃপক্ষের কাছে আপিল করতে পারবেন।
নির্বাচন কমিশন (Election Commission) স্পষ্ট করেছে, যাঁরা গণনা প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন না বা প্রয়োজনীয় ফর্ম জমা দেননি, তাঁদের নিজ উদ্যোগেই আবেদন করতে হবে।


