স্নেহা পাল, মালদা : উচ্চমাধ্যমিক (Higher Secondary) পরীক্ষার দিনেই রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক অস্বস্তিকর ঘটনা সামনে আসে। এর মধ্যেই আজ মালদায় এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়।
মঙ্গলবার সকালে মানিকচক এলাকায় এক উচ্চমাধ্যমিক (Higher Secondary) পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত পরীক্ষার্থীর নাম রিয়া মণ্ডল। তিনি মানিকচক শিক্ষা নিকেতন স্কুলের ছাত্রী। এ বছর তাঁর পরীক্ষাকেন্দ্র ছিল এনায়েতপুর হাই স্কুলে। মঙ্গলবার ছিল তাঁর এডুকেশন বিষয়ের পরীক্ষা।
পরিবারের সদস্যদের দাবি, সোমবার রাতে প্রায় ২টা পর্যন্ত পড়াশোনা করছিল রিয়া। পরেরদিন মঙ্গলবার সকালেই বাড়ির বারান্দা থেকে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের লোকজন। সঙ্গে সঙ্গে বিষয়টি স্থানীয়দের জানানো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়। ঘটনাটি আত্মহত্যা নাকি খুন তাও স্পষ্ট হয়নি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ সূত্রে জানানো হয়।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। পরীক্ষার দিন এমন ঘটনার জেরে মানসিকভাবে বিপর্যস্ত তার সহপাঠী ও স্থানীয় বাসিন্দারা।


