Aaj India Desk, দক্ষিণ ২৪ পরগনা : অমিত শাহের সভা করার পাঁচদিনের মাথায় রবিবার মথুরাপুরে সভা আয়োজন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখান থেকে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে একাধিক ইস্যুতে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
রাষ্ট্রপতি সম্মান ইস্যুতে মঞ্চের স্ক্রিনে একটি ছবি দেখিয়ে তিনি দাবি করেন, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বসে আছেন, আর তাঁর পাশে দাঁড়িয়ে রয়েছেন রাষ্ট্রপতি। সেই প্রসঙ্গ তুলে কেন্দ্রকে কটাক্ষ করেন অভিষেক। গতকাল থেকে রাষ্ট্রপতিকে অসম্মান করা হয়েছে বলে একাধিকবার তৃনমূল কংগ্রেসকে আক্রমণ করে বিজেপি। তার প্রত্যুত্তর দিতে গিয়েই অভিষেক বলেন, ছবিটি তাঁর ব্যক্তিগত নয়, প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) প্রকাশিত ছবি। তিনি প্রশ্ন তোলেন, “প্রধানমন্ত্রী বসে, রাষ্ট্রপতি দাঁড়িয়ে, অথচ আমরা নাকি রাষ্ট্রপতিকে অপমান করছি। দেশের অপমান কে করছেন, সেটা সবাই দেখুন।” একই সঙ্গে রামমন্দির উদ্বোধনের সময় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ না জানানোর বিষয়েও কেন্দ্রকে আক্রমণ করেন তৃণমূল নেতা। তাঁর দাবি, দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে থাকা ব্যক্তিকে সেই অনুষ্ঠানে ডাকা হয়নি।
পাশাপাশি সভায় বিজেপির রথযাত্রা নিয়েও কটাক্ষ করেন অভিষেক (Abhishek Banerjee)। তিনি বলেন, রথযাত্রার চেয়ে জেসিবি দিয়ে মাটি কাটার দৃশ্য দেখতে বেশি ভিড় হয়। নারী দিবসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, নারীশক্তি পাশে থাকলে কাউকে হারানো যায় না। তাঁর অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যগুলিতে নারী নির্যাতনের ঘটনা বেশি। এই প্রসঙ্গে তিনি বিজেপি শাসিত উত্তরপ্রদেশের নাম উল্লেখ করে বলেন, মহিলাদের নিরাপত্তাহীনতার তালিকায় সেই রাজ্য শীর্ষে।
নির্বাচনের আগে বিজেপিকে তীক্ষ্ম আক্রমণে বেঁধে নিজের ভোটব্যাঙ্ক সুনিশ্চিত করার পথে এগোলেন অভিষেক বন্দোপাধ্যায় (Abhishek Banerjee)। রাষ্ট্রপতি সম্মান থেকে শুরু করে এসআইআর ইস্যু সহ একাধিক বিষয় তুলে ধরে বিজেপিকে নিশানা করলেন তিনি। একই সঙ্গে দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূলের সংগঠনকে আরও শক্ত করার ডাকও দেন তিনি। নির্বাচন যত এগোবে, ততই এই ধরনের রাজনৈতিক আক্রমণ ও পাল্টা আক্রমণ যে আরও তীব্র হবে, তা বলাই যায়।


