কলকাতা: বেজে গিয়েছে ভোটের বাদ্যি। ছাব্বিশের বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগে ব্রিগেডে মেগা-সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বিজেপি সূত্রে খবর, জেলা ভেঙে বিপুল পরিমাণ লোক মোদীকে দেখতে আসছেন। যার জন্য ৪০ হাজার আসনের আয়োজন করেছে রাজ্য বিজেপি। সেইসঙ্গে চলছে খাওয়াদাওয়ার আয়োজন। জানা গিয়েছে, আমিষ, নিরামিষ দুই ধরণের খাবারেরই বন্দোবস্ত থাকছে। দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি হয়েছে সভামঞ্চ।
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ১২ জন শিল্পীকে এনে এই মঞ্চসজ্জা করেছে বিজেপি। এই নিয়ে মোদীর (Narendra Modi) আগমনের আগেই কটাক্ষের ঝড় তুলেছে তৃণমূল। ব্রিগেডের সভামঞ্চ নিয়ে তৃণমূল মুখপাত্রের কটাক্ষ, “এটা কি থিমপুজোর প্যান্ডেল নাকি! এটা তো একটি রাজনৈতিক সভা।” শুধু তাই নয়, “৪২ হাজার চেয়ার ভরাতে বাইরের রাজ্য থেকে লোক আনা হচ্ছে। এরাজ্যের কুড়ি হাজার লোকও আসার সম্ভাবনা নেই।”
প্রশাসনিক সভার পর জনসভা
শনিবার দুপুর ১:২০ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ব্রিগেডে মূল সভামঞ্চের পেছনেই প্রশাসনিক সভার আয়োজন করা হয়েছে। সেখানে রাজ্য নেতৃত্বদের সঙ্গে বৈঠকের পর মূল মঞ্চে বক্তৃতা দেবেন নরেন্দ্র মোদী। সূত্রের খবর, এদিন প্রায় ১৮,৬৮০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা প্রধানমন্ত্রী মোদীর। সেইসঙ্গে পূর্বরেল নিয়েও একাধিক ঘোষণা করতে পারেন নরেন্দ্র মোদী (Narendra Modi)।
প্রধানমন্ত্রীর সভার আগে সুর চড়িয়েছেন বিএজপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেন, “পশ্চিমবঙ্গের মাটি বহুত্ববাদের মাটি এবং এই রাজ্যকে ‘হুমায়ুনের মাটি’ বানাতে দেওয়া হবে না। এক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিজেপি হল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শে গড়া দল। পাশাপাশি, ৮০-র দশকে বিজেপি ব্রিগেডের মাঠ ভরাতে পারেনি। কিন্তু এবার মানুষ দেখিয়ে দিচ্ছেন, বলেও দাবী করেন তিনি।


