স্নেহা পাল, কলকাতা: পশ্চিমবঙ্গে গতকাল ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বৈধ নথি হিসেবে গ্রহণ করা হবে না বলে নির্দেশ নির্বাচন কমিশনের (Election Commission)। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালকে (Manoj Kumar Agarwal) পাঠানো চিঠিতে নির্বাচন কমিশন জানিয়েছে, ২৭ অক্টোবর ২০২৫-এ জারি হওয়া SIR নির্দেশিকায় অনুমোদিত নথির তালিকায় এই অ্যাডমিট কার্ড নেই। ফলে রাজ্য সরকারের তরফে পাঠানো প্রস্তাব খারিজ করা হয়েছে।
বিশিষ্টদের পর এবার সাধারণ ভোটার
এর আগে নথি যাচাই করার ক্ষেত্রে নাগরিকত্ব নিয়ে অমর্ত্য সেন ও কবি জয় গোস্বামীকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। এবার একই প্রক্রিয়ায় সাধারণ মানুষও একই ধরনের হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ।
বদলাতে থাকা নির্দেশে বিপাকে ভোটাররা
এই সিদ্ধান্ত সাধারণ মানুষের জন্য বাড়তি সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। বহু ক্ষেত্রে জন্ম শংসাপত্রের বিকল্প হিসেবে দীর্ঘদিন ধরেই মাধ্যমিক অ্যাডমিট কার্ড ব্যবহার করে আসছেন সাধারণ মানুষ। কিন্তু SIR-এর ক্ষেত্রে সেই নথি বাতিল হওয়ায় অনেক প্রকৃত ভোটার বৈধ পরিচয়পত্র জোগাড় করতে হিমশিম খাচ্ছেন। আধার কার্ড সহায়ক নথি হিসেবে গ্রহণযোগ্য হলেও তার সঙ্গে কমিশন নির্ধারিত অন্য নথির যেকোনো একটি দেখানো বাধ্যতামূলক তাই বিকল্প নথি না থাকায় দফতরে দফতরে ঘুরতে হচ্ছে সাধারণ ভোটারদের।
নো-ম্যাপিং ও এনুমারেশন ফর্মে তথ্যগত অসঙ্গতির কারণে খসড়া ভোটার তালিকায় নাম থাকা একাংশ ভোটারকে শুনানির জন্য ডাকা হচ্ছে। সেখানে নথি যাচাইয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু কমিশনের ঘনঘন বদলানো নির্দেশ ও কম সময়ে নতুন নিয়ম কার্যকর হয়ে SIR প্রক্রিয়া আরও জটিল হয়ে ওঠায় হয়রান সাধারণ ভোটাররা।


