ফারাক্কা: মুর্শিদাবাদের ফারাক্কায় (Farakka) এসআইআর শুনানিকেন্দ্রে (SIR Hearing) হামলার ঘটনায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম (Manirul Islam)। বৃহস্পতিবারই তাঁর বিরুদ্ধে FIR-এর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তার ঠিক ২৪ ঘন্টার মাথায় জঙ্গিপুর মহকুমা প্রশাসনকে চিঠি দিলেন মনিরুল ইসলাম।
শুক্রবার এসআইআরের দায়িত্বে থাকা ইআরও-কে চিঠি দিয়ে বিধায়ক মনিরুল বলেন, “আমার কোনও খারাপ উদ্দেশ্য, উস্কানি দেওয়া বা আইন ভাঙার ছিল না। আমি প্রশাসন এবং নির্বাচন কমিশনের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত। তাঁদের দেওয়া সমস্ত আইনসম্মত নির্দেশ মেনে চলব”।
১৪ জানুয়ারির ঘটনায় “কোনও ভুল হয়েছে” দাবী মনিরুলের
প্রসঙ্গত, গত ১৪ জানুয়ারি ফারাক্কার (Farakka) বিডিও অফিসের সামনে মূলত বিএলও-দের বিক্ষোভ ঘটনাচক্রে দুষ্কৃতিদের তান্ডবে পরিণত হয়। বিএলও-দের বিক্ষোভের মাঝে দলবল নিয়ে ঢোকেন তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম (Manirul Islam)। বিডিও অফিসের সামনে তিনি বলেন, “এসআইআরের নামে রাম-রহিমের মধ্যে ঝামেলা বাঁধানো হচ্ছে।”
সেইসঙ্গে তিনি বলেন, হিন্দুদের ক্ষেত্রে কোনও নথি লাগছে না। “কিন্তু রহিমদের নাম শুনলেই চোদ্দ গুষ্টির নথি চাওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের এই দ্বিচারিতা মানবো না। ফারাক্কার মানুষকে বাঁচাতে গেলে যদি গুলি খেতে হয় তাহলে মনিরুল ইসলাম আগে খাবে”। এরপরেই কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে বিডিও অফিস চত্বর। কার্যালয়ে ঢুকে চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়।” ওই ঘটনায় “শব্দচয়ন হয়ত ভুল হয়েছে” বলে এদিন চিঠিতে জানিয়েছেন মনিরুল ইসলাম।


