21.3 C
Kolkata
Wednesday, February 25, 2026
spot_img

বাম–ISF জোট চূড়ান্তের পথে ! কটা আসন পাচ্ছেন নওশাদ ?

Aaj India Desk, কলকাতা : আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে CPM ও ISF এর সম্ভাব্য জোট নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই মঙ্গলবার CPM রাজ্য দফতরে CPM রাজ্য সম্পাদক সেলিম এবং বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে ISF প্রধান নওশাদ সিদ্দিকি বৈঠক করেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ আলিমুদ্দিনে পৌঁছন নওশাদ সিদ্দিকি। CPM নেতৃত্বের সঙ্গে প্রায় দুই ঘণ্টার আলোচনার পর ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি জানান, জোটের ব্যাপারে নীতিগত সম্মতি হলেও আসন বণ্টন নিয়ে এখনও মতপার্থক্য রয়েছে। বিষয়টি চূড়ান্ত করতে বুধবার ফের বৈঠক হবে।

বামফ্রন্টের দলীয় সূত্রে দাবি, বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে বৃহত্তর লড়াইয়ের স্বার্থেই জোট গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে আসন বণ্টনে বাস্তবসম্মত সমঝোতার প্রয়োজন রয়েছে বলে তাঁদের মত।

সূত্রের খবর, ISF প্রায় ৪৫টি আসন দাবি করেছে। CPM এর প্রস্তাব ২৫ থেকে ৩০টি আসনের। এখনও ১৩টি আসন নিয়ে জট রয়ে গেছে। এর মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার একাধিক সংখ্যালঘু অধ্যুষিত আসন রয়েছে। ISF এর দাবি, ওইসব এলাকায় তাদের প্রার্থী দিলে ভোটের ফল ভাল হতে পারে।

২০২১ সালের বিধানসভা নির্বাচনেও বামফ্রন্ট ও ISF একসঙ্গে লড়েছিল। তবে ডেগঙ্গা সহ কয়েকটি আসনে জোটসঙ্গীদের মধ্যে সমন্বয়হীনতার অভিযোগ ওঠে। নওশাদ বলেন, “আগের মতো পরিস্থিতি যাতে না হয়, সে বিষয়েই বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে।”

এদিকে কংগ্রেস ইতিমধ্যে জানিয়েছে, তারা সিপিএমের সঙ্গে জোটে যাবে না। ফলে বামেদের সম্ভাব্য জোট সমীকরণে ISF গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত।

অন্যদিকে ফরওয়ার্ড ব্লকের সঙ্গেও আসন নিয়ে আলোচনা বাকি রয়েছে। শরিকদের দাবিও চূড়ান্ত সমীকরণে প্রভাব ফেলতে পারে। বুধবারের বৈঠকের পরই এই জোটের রূপরেখা স্পষ্ট হতে পারে বলে দুই পক্ষের নেতাদের ইঙ্গিত। রাজনৈতিক মহলের নজর এখন আলিমুদ্দিনের পরবর্তী বৈঠকের দিকে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন