নদিয়া: ২০২৫ কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূলের বিজয়োৎসব থেকে ছোঁড়া বোমায় মায়ের কোল ছেড়ে চলে গিয়েছে ১০ বছরের খুদে তামান্না (Tamanna)। সন্তানহারা মা সাবিনা ইয়াসমিন শোকে কাতর হয়ে আত্মহত্যার চেষ্টা করে হাসপাতালে ভর্তি হন। তামান্না (Tamanna) খাতুনের মা-কেই এবার বিধানসভা নির্বাচনে টিকিট দিচ্ছে সিপিএম? নির্বাচনের দিন এগিয়ে আসতেই শুরু হয়েছে জোর জল্পনা।
এই বিষয়ে কি বলছেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন?
ছোট্ট তামান্নার (Tamanna) মৃত্যুর পর তার পরিবারের পাশে দাঁড়িয়ে শাসকদলের বিরুদ্ধে সুর চড়িয়েছিল লাল শিবির। তৃণমূলের তরফে আর্থিক সাহায্য দিতে যাওয়া হলেও তা ফিরিয়ে দেন সাবিনা ইয়াসমিন। তামান্নার বাবা দরিদ্র পরিযায়ী শ্রমিক। কিন্তু রাজনীতির ময়দানে কি নামতে চান তামান্নার (Tamanna) মা? সাবিনা বিবি জানান, সিপিএম-এ টিকিট দেওয়ার জল্পনার কথা তাঁর কানেও এসেছে। কিন্তু রাজনীতির সঙ্গে তিনি বা তাঁর পরিবারের কারও কোনও যোগ নেই। তবে যদি প্রস্তাব আসে তাহলে ভেবে দেখবেন বলে জানান সাবিনা ইয়াসমিন।
ভরসাস্থল সিপিএম?
৩৪ বছর শাসনের পর সিপিএমের (CPIM) ক্ষমতায় আসা যে বর্তমান পরিস্থিতিতে প্রায় অসম্ভব তা জানেন, বলে উল্লেখ করেছেন তামান্নার মা। তবুও লাল শিবিরে ভরসা রাখছেন তিনি। সাবিনা ইয়াসমিন বলেন, “জানি সিপিএম এখন ক্ষমতায় নেই। তাই হয়তো বিচার পেতে দেরি হবে। কিন্তু আমার মনে হয় এই দল গরিব মানুষের জন্য লড়ে। রাজনীতির ঊর্ধ্বে উঠে খেটে-খাওয়া, অসহায় মানুষের কথা ভাবে। অন্য দল হলে হয়তো বিচারই পেতাম না।” তাঁর বিশ্বাস এখনও পর্যন্ত ১১ জন গ্রেফতার হয়েছে, বাকিদের গ্রেফতারি ও বিচার পাইয়ে দিতে তাঁদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একমাত্র সিপিএমই লড়াই করবে।


