গোসাবা: ছুটির দিন রবিবার। দক্ষিণ ২৪ পরগণার গোসাবায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দীলিপ ঘোষের (Dilip Ghosh) অপেক্ষায় অধীন হচ্ছেন সভায় উপস্থিত জনতা। অবশেষে সভাস্থলে পৌঁছলেন দীলিপ ঘোষ (Dilip Ghosh)! কিন্তু একি! মঞ্চে উঠতেই হুড়মুড়িয়ে ধ্বসে পড়ল একাংশ! রবিবার এই ঘটনার সাক্ষী থাকলেন গোসাবায় বিজেপির সভাস্থলে উপস্থিত জনতা থেকে শুরু করে কর্মী-সমর্থকেরা।
বিধানসভা নির্বাচনের ডঙ্কা বাজতেই গেরুয়া শিবিরে এ কি অমঙ্গল? মঞ্চ ভেঙে যাওয়ায় শুরু হয় চরম বিশৃঙ্খলা। বিজেপির বর্ষীয়ান নেতা কোনোরকম চোট পেয়েছেন কিনা খতিয়ে দেখতে শুরু করেন কর্মীরা। একসময় সভায় ভাঁটা পড়তে দেখে হাল ধরেন স্বয়ং দীলিপ ঘোষ (Dilip Ghosh)।

ভাঙা মঞ্চের উপরেই সভা
মঞ্চের একাংশের পাটাতন বসে যেতেই দীলিপ ঘোষকে (Dilip Ghosh) তৎক্ষণাৎ ধরে ফেলেন তাঁর নিরাপত্তারক্ষী ও উপস্থিত নেতৃত্বরা। তবে এই ‘অঘটন’-এর পর ওই মঞ্চেরই অন্য পাশে দাঁড়িয়ে সভা করেন দীলিপ ঘোষ। কিন্তু বিধানসভা নির্বাচনের ঠিক আগে জনসভা করতে গিয়ে কেন এই বিপত্তি? “অশুভ সংকেত” দেখছেন বিজেপি কর্মী সমর্থকদেরই একাংশ।
পাশাপাশি, দীলিপ ঘোষের (Dilip Ghosh) মত বিজেপির দাপুটে বর্ষীয়ান নেতার সভা সত্ত্বেও মঞ্চ বাঁধতে কেন ত্রুটি? সেই নিয়েও ওঠে প্রশ্ন। মঞ্চ বাধার দায়িত্বে থাকা ব্যক্তির বক্তব্য, মঞ্চের একপাশে অতিরিক্ত ভিড় হয়ে যাওয়াতেই এই বিপত্তি ঘটেছে। তবে ঘটনায় কেও আহত হয়নি বলে জানা গিয়েছে।
কি বললেন দীলিপ ঘোষ?
এদিন গোসাবার দলীয় কার্যালয়ের সামনেই মঞ্চ বেঁধে সভার আয়োজন করা হয়েছিল। মঞ্চ ভাঙার ঘটনার পর বিজেপি নেতা দীলিপ ঘোষ জানান, “ওই জায়গায় কাদা ছিল। তার ওপর খুঁটি পোঁতার জন্যই বিপত্তি। আমরা তো মঞ্চ নয় সরকার ভাঙতে চাই। মাটিতে বসেই আমরা সভা করছি।”


