Aaj India Desk, কলকাতা: প্রায় ৬০০ কোটি টাকার সাইবার প্রতারণা মামলায় পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার ক্রাইম শাখার হাতে গ্রেফতার হলেন শিল্পপতি পবন রুইয়া (Pawan Ruia)। মঙ্গলবার নিউটাউনের একটি হোটেলের সামনে থেকে তাঁকে গ্রেফতার করা হয়। দেশজুড়ে একাধিক অনলাইন প্রতারণার টাকা তাঁর ও পরিবারের বিভিন্ন অ্যাকাউন্টে ঢোকার অভিযোগে এই পদক্ষেপ বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ২০২৪ সালে বিধাননগরের ইকো পার্ক থানায় স্বপন কুমার মণ্ডল নামে এক ব্যক্তির দায়ের করা অভিযোগের ভিত্তিতেই এই মামলার সূত্রপাত। তদন্তে উঠে আসে, দেশের বিভিন্ন প্রান্তে হওয়া সাইবার জালিয়াতির অর্থ একাধিক ভুয়ো সংস্থার মাধ্যমে ঘুরিয়ে রুইয়া পরিবারের অ্যাকাউন্টে জমা পড়েছে।
প্রাথমিক তদন্তে প্রায় ৩১৫ কোটি টাকার লেনদেনের হদিশ মেলে। পরে তদন্তের পরিধি বাড়লে প্রতারণার পরিমাণ অন্তত ৬০০ কোটিতে পৌঁছেছে বলে দাবি পুলিশের। এই ঘটনায় ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল (NCRP)-এর মাধ্যমে ১৯০০-র বেশি অভিযোগ জমা পড়েছে। তদন্তকারীদের দাবি, পবন রুইয়া ও তাঁর পরিবারের নামে প্রায় ১৪৮টি শেল কোম্পানি খোলা হয়েছিল। সেই সব সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতারণার টাকা জমা রাখা হত। এই অ্যাকাউন্টগুলি কলকাতার সায়েদ আমির আলি অ্যাভিনিউয়ের একটি কেন্দ্র থেকে পরিচালিত হত বলেও জানা গিয়েছে।
এর আগে, গত বছরের অক্টোবর মাসে সাইবার ক্রাইম শাখা পবন রুইয়ার (Pawan Ruia) বাড়ি ও অফিসে তল্লাশি চালায়। এরপর নভেম্বর মাসে পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার বিভাগ স্বতঃপ্রণোদিত হয়ে এফআইআর দায়ের করে।এই মামলায় পবন রুইয়ার পাশাপাশি তাঁর ছেলে রাঘব ও মেয়ে পল্লবীর নামও জড়িয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য তৎপর ছিল পুলিশ। যদিও ডিসেম্বর মাসে কলকাতা হাইকোর্ট থেকে তাঁরা আগাম জামিন পান। শর্ত হিসেবে পাসপোর্ট জমা রাখার নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, ২০১৬ সালেও যশপ কারখানা থেকে রেল সরঞ্জাম চুরির মামলায় পবন রুইয়াকে (Pawan Ruia) গ্রেফতার করা হয়েছিল। তাঁর মালিকানাধীন ডানলপ ও যশপ কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর সেগুলি অধিগ্রহণের চেষ্টা করে রাজ্য সরকার। পুলিশ জানিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে গোটা চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।


