রবিবার ভাঙড়ের প্রাঙ্গঞ্জ এলাকায় এক প্রস্তুতি সভায় ভাষণ দেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক শওকত মোল্লা (Shaukat Mollah)। সেখানেই ভোটে হারলে সরকারি পরিষেবা ও ভাতা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
সভা থেকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক শওকত মোল্লা (Shaukat Mollah) বলেন, যেসব এলাকায় তিনি ভোটে হেরেছেন, সেখানে সরকারি ঘরের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, ভবিষ্যতেও লক্ষ্মীর ভাণ্ডারসহ অন্যান্য সরকারি পরিষেবা বন্ধ হতে পারে।
সভামঞ্চ থেকে তিনি আরও বলেন, “ভাঙড়ের যে তিনটি অঞ্চলে হেরেছি, সেখানে সরকারি ঘরের টাকা বন্ধ করে দিয়েছি। বাপের ব্যাটা হলে সেই টাকা উদ্ধার করে নাও।” তাঁর এই বক্তব্য ঘিরেই বিতর্ক তুঙ্গে ওঠে।
শওকত মোল্লা (Shaukat Mollah) তৃণমূল কর্মীদের উদ্দেশে বার্তা দেন যে, যেসব ISF কর্মীর নাম CMROতে উঠেছে, তাঁদের যেন কোনও সরকারি অর্থ না দেওয়া হয়। ভাঙড়ের চাঁলতাবেড়িয়া, শানপুকুর ও পোলেরহাট ১ এলাকায় লোকসভা নির্বাচনে ISF এর কাছে তৃণমূলের পরাজয়ের পরই এই মন্তব্য করেছেন শওকত মোল্লা।
তবে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তন্ময় ঘোষ বলেন, “এটি দলের অবস্থান নয়। উনি ব্যক্তিগত মত প্রকাশ করেছেন। আলিপুরদুয়ার ও পূর্ব মেদিনীপুরেও আমরা হেরেছি, কিন্তু সেখানে সরকারি পরিষেবার টাকা দেওয়া অব্যাহত রয়েছে।”
অন্যদিকে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা নিয়ে এহেন মন্তব্যে বিজেপি নেতা সজল ঘোষ শওকত মোল্লার কড়া সমালোচনা করে বলেন, “সরকারি টাকাকে ভোটের সঙ্গে জুড়ে দেওয়া অসাংবিধানিক।” এই ঘটনায় সরকারি ভাতা ও পরিষেবার নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে।


