কলকাতা: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় (SIR) বিহারে যে নথি গণ্য, বাংলায় তা নয় কেন? নির্বাচন কমিশনকে (Election Commission) “তুঘলকি” বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর অভিযোগ, “লজিক্যাল ডিস্ক্রিপেন্সির নামে মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে”।
সেইসঙ্গে নির্বাচন কমিশনের তরফে সাসপেন্ড করা সাত আধিকারিককে চাকরিচ্যুত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর বক্তব্য, সংশ্লিষ্ট আধিকারিকরা ভোট-সংক্রান্ত কাজে যুক্ত থাকবেন না, তবে প্রশাসনের অন্যান্য দায়িত্ব পালন করবেন। তাঁর অভিযোগ, ওই সাত আধিকারিকদের আত্মপক্ষ তুলে ধরার সুযোগ দেওয়া হয়নি।
বিজেপিকে মনোবিদের কাছে যাওয়ার পরামর্শ
বরাবরের মত এদিন নবান্নের সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশন (Election Commission) বিজেপির হয়ে কাজ করছে বলে অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঠিক পদ্ধতি মেনে নির্বাচন কমিশন কাজ করছে না। এমনকি সুপ্রিম কোর্টের কথাও তাঁরা ধার্য করছে না বলে তোপ দাগেন তিনি। এরপর বিজেপিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “আমার মনে হয় বিজেপির লোকদের সাইকিয়াট্রিস্ট (মনোবিদের) কাছে যাওয়া উচিৎ।
বৈধ ভোটারের নাম বাদ
পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকায় প্রায় ৫৮ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ গিয়েছে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক প্রক্রিয়া ব্যবহারের ফলে বহু বৈধ ভোটারের নাম বাদ পড়েছে। তিনি প্রশ্ন তোলেন, বাতিল হওয়া নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হচ্ছে না কেন।
মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, নির্বাচন কমিশন (Election Commission) নিরপেক্ষভাবে কাজ করছে না এবং বিজেপির পক্ষে অবস্থান নিচ্ছে। কড়া ভাষায় তিনি বলেন, “আঘাত করলে প্রত্যাঘাত হবে। আত্মসমর্পণ করব না। দিল্লির জমিদারদের কথা কাজ হবে না।” পাশাপাশি কমিশনকে সাংবিধানিক সীমারেখা মেনে চলার বার্তাও দেন তিনি, ‘লক্ষ্মণরেখা’ অতিক্রম না করার আহ্বান জানিয়ে।


