স্নেহা পাল, নয়াদিল্লি: চলতি বছরের ৮ জানুয়ারি কয়লা পাচার মামলায় ইডি কলকাতায় I-Pac এর অফিস এবং সংস্থার চেয়ারম্যানের বাড়িতে তল্লাশি চালায়। গুরুত্বপূর্ণ নথি সরানোর অভিযোগে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা দায়ের করা হয়। আজকে মামলার শুনানি থাকলেও তা ফের পেছানো হলো। এর আগেও ১০ ফেব্রুয়ারির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বলের অসুস্থতার কারণে শুনানি স্থগিত হয়েছিল।
বুধবার আদালতে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, ইডির পাল্টা হলফনামা তৈরি হয়েছে, তবে তা জমা পড়তে কিছুটা সময় লাগবে। সেই কারণে অন্য দিন শুনানির আবেদন করা হয়। বিচারপতিরা অন্য পক্ষের মতামত জানতে চাইলে রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ অধিকাংশ পক্ষ দোলের পরের একটি দিনের আবেদন করেন। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ অনুযায়ী ১৮ মার্চ মামলার শুনানির দিন হিসেবে ধার্য করা হয়।
অন্যদিকে শুনানির শুরুতেই রাজ্য সরকারের তরফে বলা হয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি আদালত কক্ষের বাইরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ইডি অর্থ মন্ত্রকের অধীনে থাকা একটি কেন্দ্রীয় সংস্থা। তিনি আরও দাবি করেন, বিচারপতি দীনকর দত্তের বেঞ্চে ইতিমধ্যেই একটি মামলায় কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের বিরুদ্ধে এমন মামলা করতে পারে কি না তা বিচারাধীন। এত গুরুতর অভিযোগ হলে আজ হলফনামা জমা দিয়ে শুনানি এগোনো হল না কেন, সেই প্রশ্নও তোলেন তিনি।
আজ ইডির হলফনামা দাখিল না হওয়ায় মামলার আইনগত গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। পরবর্তী শুনানিতে আদালত (Supreme Court) এই বিষয়গুলির দিকে নজর দেবে বলে আইনজীবীদের একাংশের ধারণা।


