20.2 C
Kolkata
Friday, February 27, 2026
spot_img

৭৮ টি আসনে রদবদলের ইঙ্গিত : কার ভাগ্যে রয়েছে টিকিট ?

Aaj India Desk, কলকাতা: ২০২৬ সালের বিধানসভা নির্বাচন ঘিরে তৃণমূল কংগ্রেসের (TMC) অন্দরে প্রার্থী তালিকা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। সূত্রের খবর, ২০২১ সালে যে ৭৮টি আসনে দল পরাজিত হয়েছিল, সেখানে নতুন মুখ আনার পরিকল্পনা করছে শীর্ষ নেতৃত্ব। কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রেও বড় রদবদলের সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলনেত্রী মমতা ব্যানার্জি।

দলীয় সূত্রে জানা গেছে, যুব ও ছাত্র সংগঠনের একাধিক নেতাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে কয়েকজন বর্তমান মন্ত্রী ও বিধায়কের টিকিট কাটা যেতে পারে বলেও জল্পনা।

পরিচিত মুখদের ভবিষ্যৎ অনিশ্চিত?

কলকাতার বেশ কয়েকটি কেন্দ্র এই সম্ভাব্য রদবদলের কেন্দ্রবিন্দুতে রয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী পার্থ চ্যাটার্জিকে এ বার বেহালা পশ্চিম থেকে প্রার্থী করা নাও হতে পারে। তাঁর বদলে কোনও স্থানীয় কাউন্সিলরকে বিবেচনা করা হচ্ছে বলে খবর। দলের ভাবমূর্তি বজায় রাখতেই এই কৌশল বলে মনে করছে রাজনৈতিক মহল।

বারাসতে দীর্ঘদিনের বিধায়ক ও অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী নিজে নির্বাচন লড়তে অনীহা প্রকাশ করেছেন। সে ক্ষেত্রে সেখানে সব্যসাচী দত্তর নাম সামনে আসছে।

বালিগঞ্জ ও উত্তরপাড়া কেন্দ্রেও বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বালিগঞ্জ উপনির্বাচনে জয়ী বাবুল সুপ্রিয়কে তাঁর পুরনো কেন্দ্র উত্তরপাড়ায় পাঠানো হতে পারে। সে ক্ষেত্রে বর্তমান উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক টিকিট নাও পেতে পারেন। বালিগঞ্জে প্রার্থী হতে পারেন প্রবীণ মন্ত্রী শোভনদেব চ্যাটার্জি। মহেশতলায় প্রবীণ বিধায়ক দুলাল দাস বয়সজনিত কারণে সরে দাঁড়ালে প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্যের নাম বিবেচনায় রয়েছে।

ছাত্র নেতৃত্ব নিয়ে বড় মঞ্চে ?

তৃনমূলের (TMC) যুব ও ছাত্র সংগঠনের দিক থেকেও একাধিক নাম উঠে আসছে। দেবাংশু ভট্টাচার্য হুগলি বা হাওড়ার কোনও কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন। তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য উত্তর ২৪ পরগনার একটি আসনে লড়তে পারেন বলে জানা গেছে। সিপিএম ছেড়ে আসা প্রতীক উর রহমানকে ভাঙড়ের মতো স্পর্শকাতর কেন্দ্রে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে প্রার্থী করা হতে পারে বলে দলীয় মহলে আলোচনা চলছে।

উত্তর কলকাতার কয়েকটি আসন নিয়েও জল্পনা চলছে। শোনা যাচ্ছে, বর্তমান বিধায়ক স্বর্ণকমল সাহা ইচ্ছা প্রকাশ করলে তাঁর আসনটি পেতে পারেন তাঁর ছেলে সন্দীপন সাহা। হিন্দিভাষী অধ্যুষিত একটি কেন্দ্রে বর্তমান বিধায়কের টিকিট অনিশ্চিত বলেও সূত্রের দাবি। সেখানে প্রাক্তন এক বিধায়কের পরিবারের কাউকে প্রার্থী করা হতে পারে।

তবে এই সম্ভাব্য তালিকা এখনও চূড়ান্ত নয়। দলীয় সূত্রে জানানো হয়েছে, প্রার্থী নির্বাচন নিয়ে শেষ কথা বলবেন মমতা ব্যানার্জি। সময়ের সঙ্গে সমীকরণ বদলাতেও পারে। ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ৭৮টি আসনে নতুন মুখের ভাবনা তৃণমূলের (TMC) কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এখন নজর চূড়ান্ত প্রার্থী তালিকার দিকে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন