কলকাতা: ভোটের ঢাকে কাঠি! ছাব্বিশের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের আগেই রাজ্যে নামছে কেন্দ্রীয় বাহিনী (Central Forces)। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের পরদিনই ১ থেকে রাজ্যে মোতায়েন করা হচ্ছে আধাসেনা। দুই দফায় মত ৪৮০ কোম্পানি আধাসেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়ে জানিয়েছে, ১ মার্চের মধ্যে ১১০ কোম্পানি সিআরপিএফ, ৫৫ কোম্পানি বিএসএফ, ২৭ কোম্পানি আইটিবিপি, ২৭ কোম্পানি এসএসবি এবং ২১ কোম্পানি সিআইএসএফ অর্খাৎ মোট ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে রাজ্যে পাঠানো হবে। এরপর ১০ মার্চ দ্বিতীয় দফায় রাজ্যে আসবে আরও ১২০ কোম্পানি সিআরপিএফ, ৬৫ কোম্পানি বিএসএফ, ২০ কোম্পানি আইটিবিপি, ১৯ কোম্পানি এসএসবি এবং ১৬ কোম্পানি।
নির্বাচন শুরুর আগে বুথ ও আশেপাশের এলাকায় শান্তি বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনী (Central Forces) মোতায়েনের সম্পূর্ণ পরিকল্পনা রাজ্যকে দিতে হবে, জানানো হয়েছে চিঠিতে। ৯ সেকশন আধাসেনার মধ্যে ৮ সেকশন নিরাপত্তা ও টহলদারির জন্য, আর ১ সেকশন ‘কুইক রেসপন্স টিম’ হিসেবে মোতায়েন থাকবে, যা বড় কোনো গণ্ডগোল হলে তা দ্রুত নিয়ন্ত্রণ করবে।
এছাড়া রাজ্যকে এই বিপুল বাহিনী রাখার, তাদের যাতায়াতসহ অন্যান্য ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বাহিনী (Central Forces) সমন্বয়ের দায়িত্বে রয়েছেন সিআরপিএফের ওয়েস্ট বেঙ্গল সেক্টরের আইজি সঞ্জয় যাদব।
প্রসঙ্গত, এসআইআর নিয়ে এমনিতেই উত্তপ্ত হয়ে রয়েছে রাজ্যের একাধিক এলাকা। চূড়ান্ত তালিকা প্রকাশ নিয়ে দীর্ঘ চাপানউতোরের পর ২৮ ফেব্রুয়ারিই তালিকা প্রকাশ হবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আসন্ন নির্বাচনে একাধিক এলাকায় অশান্তির সম্ভাবনা রয়েছে বলেও মনে করছে বিশেষজ্ঞ মহল।


