স্নেহা পাল, কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশের পর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া ঘিরে বুধবার বাড়তি নজরদারির সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন (EC)। বাংলার ১০টি জেলায় SIR শুনানি ও যাচাই প্রক্রিয়া পর্যবেক্ষণে ১০ জন IAS অফিসার, এক জন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস এবং এক জন ইন্ডিয়ান ডিফেন্স অ্যাকাউন্টস সার্ভিস অফিসারকে বিশেষ রোল অবজারভার হিসেবে পাঠানো হচ্ছে।
নির্বাচন কমিশনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি, নদিয়া, দক্ষিণ ও উত্তর দিনাজপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং উত্তর ২৪ পরগনায়, এই ১০টি জেলায় বিশেষ রোল অবজারভার নিয়োগ করা হয়েছে। উত্তর ২৪ পরগনায় পাঠানো হচ্ছে দুই জন অবজারভার।
সুপ্রিম কোর্ট কমিশনকে “লজিক্যাল ডিসক্রেপেন্সি” (Logical Discrepancies) থাকা ভোটারদের তালিকা প্রকাশ, নথি জমার রসিদ প্রদান এবং শুনানির সময় ভোটারদের সঙ্গে রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টদের (BLA) থাকার নির্দেশ দেওয়ার পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, যেসব জেলায় SIR শুনানি ঘিরে অশান্তির ঘটনা ঘটেছে বা ঘটতে পারে, সেখানে এই বিশেষ নজরদারি আরও গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট ১০টি জেলা রাজ্যের শাসক দলের শক্ত ঘাঁটি বলেও সূত্রের দাবি।
এক আধিকারিকের বক্তব্য অনুযায়ী, “এনুমারেশন পর্বে রাজ্যের ফিল্ড অফিসাররা চাপের মুখে ছিলেন। সেই কারণেই বহু ভ্রান্ত তথ্য আপলোড হয়েছে এবং এত সংখ্যক লজিক্যাল ডিসক্রেপেন্সি চিহ্নিত হয়েছে।”
নোটিফিকেশন অনুযায়ী, পূর্ব মেদিনীপুরে দায়িত্ব পাচ্ছেন স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব হর্ষ মাংলা। হুগলিতে থাকবেন ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সিইও নন্দ কুমার এবং নদিয়ায় দায়িত্বে থাকছেন DOPT-র যুগ্ম সচিব পি. বালা কিরণ।
উত্তর ২৪ পরগনায় বিশেষ রোল অবজারভার হিসেবে যাচাই প্রক্রিয়া দেখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব প্রসন্ন আর এবং ভোক্তা বিষয়ক মন্ত্রকের যুগ্ম সচিব রবি শঙ্কর। দক্ষিণ দিনাজপুরে দায়িত্ব পাচ্ছেন জাতীয় মেডিক্যাল কমিশনের সচিব রাঘব ল্যাঙ্গার, উত্তর দিনাজপুরে স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব ভি. কিরণ গোয়াল। পশ্চিম বর্ধমানে থাকবেন বিদ্যুৎ মন্ত্রকের যুগ্ম সচিব শশাঙ্ক মিশ্র, বীরভূমে পোর্ট ও শিপিং মন্ত্রকের যুগ্ম সচিব ভেঙ্কটেশপতি এস এবং পশ্চিম মেদিনীপুরে খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের যুগ্ম সচিব দেবেশ দেবাল।
মুর্শিদাবাদে বিশেষ রোল অবজারভার হিসেবে থাকবেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস অফিসার গয়া প্রসাদ। ইন্ডিয়ান ডিফেন্স অ্যাকাউন্টস সার্ভিসের অফিসার নিস্থা উপাধ্যায়কে বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সঙ্গে যুক্ত করা হয়েছে। কোন জেলায় তিনি দায়িত্ব পাবেন, তা নির্ধারণ করবেন রাজ্যের CEO।
নির্বাচন কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ মেনে শুনানির শেষ তারিখ ১০ দিন পর্যন্ত বাড়ানো হতে পারে। একই সঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমাও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।


