Aaj India, পূর্ব বর্ধমান: ঈদের (Eid) আনন্দের ঠিক আগেই নেমে এল শোকের ছায়া। পূর্ব বর্ধমান জেলার কালনার বেগপুর-বেলেডাঙার বিটড়ায় বৃহস্পতিবার দুপুরে দিকে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল ১৭ বছরের কিশোর শাকিল শেখ। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে তার বন্ধু আলাউদ্দিন শেখ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঈদের (Eid) জন্য চুল কাটতে বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল শাকিল ও আলাউদ্দিন। হাসি-খুশিতে ভরপুর সেই যাত্রাই শেষ পর্যন্ত মর্মান্তিক পরিণতি ডেকে আনে। কালনা-রসুলপুর সংলগ্ন পীড়তলা এলাকায় পৌঁছতেই উল্টো দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের বাইকের।
প্রচণ্ড শব্দে আশপাশের মানুষ ছুটে এসে দেখেন – রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে দুই কিশোর। আঘাত এতটাই মারাত্মক ছিল যে ঘটনাস্থলেই শাকিলের মৃত্যু হয়। গুরুতর জখম আলাউদ্দিনকে প্রথমে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে অবস্থার অবনতি হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে সেখানেই সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
শুক্রবার ময়নাতদন্তের সময় শোকস্তব্ধ হয়ে পড়েন মৃতের পরিবার। কান্নায় ভেঙে পড়ে এক আত্মীয় জানান, “ঈদের জন্য চুল কাটতে বেরিয়েছিল ছেলে, কে জানত সেটাই শেষ যাওয়া হবে!” অভিযুক্ত ট্রাকচালকের কঠোর শাস্তির দাবি তুলেছেন পরিবারের সদস্যরা।
গ্রামজুড়ে এখন উৎসবের বদলে শোকের পরিবেশ। প্রতিবেশীরা জানিয়েছেন, দুই বন্ধু খুবই মিশুকে ও প্রাণবন্ত ছিল। এমন অকাল মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না।
দুর্ঘটনার খবর পেয়ে কালনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ঘাতক ট্রাকটিকে শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। বেপরোয়া গতিই দুর্ঘটনার কারণ কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
এই মর্মান্তিক ঘটনা আবারও মনে করিয়ে দিল – উৎসবের আনন্দের মাঝেও সড়ক নিরাপত্তা অবহেলা করা বিপজ্জনক। এক মুহূর্তের অসতর্কতা কেড়ে নিতে পারে অমূল্য প্রাণ।


