কলকাতা: দোরগোড়ায় ভোট। জোরকদমে প্রচারে নেমে গিয়েছেন রাজ্যের সব নেতা-মন্ত্রী। সেইসঙ্গে পুরোদমে চলছে সমাজমাধ্যমে প্রচার। আমজনতার নজরও বর্তমানে জনপ্রতিনিধিদের দিকেই। এই আবহে সোনারপুরে দক্ষিণের তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী লাভলি মিত্রর (Lovely Maitra) পোস্টকে কেন্দ্র করে বিতর্কের ঝড়! সোনারপুর দক্ষিণের ভোটারদের উদ্দেশ্যে পোস্ট করতে গিয়ে বড় ‘ভুল’ করে ফেললেন লাভলি।
সমাজমাধ্যমে তিনি লেখেন, “সোনারপুর দক্ষিণের মানুষ, চলুন আমাদের ভোট দিয়ে ভবিষ্যৎ গড়ি। সক্রিয় থাকুন, দায়িত্ব পালন করুন”। এই পর্যন্ত ঠিক ছিল। কিন্তু গোল বাঁধল হ্যাশট্যাগ ব্যবহারে। পোস্টটির সঙ্গে তিনি #সোনারপুরদক্ষিণ, #নাগরিকদায়িত্ব, #আপনারকণ্ঠ, #ভোটেরশক্তি, #সচেতননাগরিক হ্যাশট্যাগ দেন। কিন্তু সেইসঙ্গে #ভোটদিবা এবং #বাংলাদেশভোট, হ্যাশট্যাগ দুটি শুধুমাত্র আমজনতা না, চোখে পড়ে গিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির। আর তার থেকেই শুরু হয়েছে তুমুল বিতর্ক।
লাভলি মিত্রর পোস্টকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছে বিজেপি। বঙ্গ বিজেপির এক্স হ্যান্ডেলে পাল্টা পোস্টে তৃণমূল প্রার্থী লাভলি মিত্রকে (Lovely Maitra) তুলোধোনা করা হয়। বিজেপির পোস্টটিতে লেখা হয়, “অত্যন্ত উদ্বেগজনক এক পদক্ষেপে, সোনারপুর দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র তাঁর সোশ্যাল মিডিয়া পেজে #BangladeshVote (বাংলায়) হ্যাশট্যাগটি ব্যবহার করেছেন। এটি কেবল কোনো সাধারণ মন্তব্য নয়! এটি একটি বিপজ্জনক মানসিকতা এবং এক বৃহত্তর ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন করেছে।”
X Link: https://x.com/BJP4Bengal/status/2041405137705730171
সেইসঙ্গে লেখা হয়, “পশ্চিমবঙ্গের জন্য কি তৃণমূল এমনই এক ভবিষ্যতের স্বপ্ন দেখে? এমন এক ভবিষ্যৎ, যেখানে আমাদের নিজস্ব সত্তা, সংস্কৃতি এবং সার্বভৌমত্ব বিপন্ন হয়ে পড়বে?” কেউ কেউ আবার মজা করে বলছেন, “সোনারপুর নাকি এখন আন্তর্জাতিক কেন্দ্র!”
অন্যদিকে অনেকে কৌতূহলী হয়ে ভাবছেন, হয়তো কোনও কনটেন্ট তৈরির টুল বা AI ব্যবহার করে ক্যাপশন লেখা হয়েছিল, আর সেখানেই এই ভুল ঢুকে পড়েছে। অনেক সময় বাংলা লিখতে গিয়ে AI বাংলাদেশের লেখার ধরণ অনুসরণ করে ফেলে। সেইকারণেই হয়ত এই বিভ্রান্তি তৈরি হয়েছে। এই বিতর্কে অবশ্য এখনও কোনও প্রতিক্রিয়া দেননি লাভলি মিত্র (Lovely Maitra) ।


