স্নেহা পাল, কলকাতা: আসন্ন ভোটের আগে SIR নিয়ে আবার নতুন বিবাদ। ভারতীয় নির্বাচন কমিশনের (ECI) ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জি।
বুধবার নিজের X (পূর্বে twitter) হ্যান্ডেলে একটি হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট শেয়ার করে অভিষেক দাবি করেন, দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ প্রকাশ্যে উপেক্ষা করা হচ্ছে। তাঁর অভিযোগ, নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও নির্দেশ আনুষ্ঠানিক, নথিভুক্ত প্রক্রিয়া এড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হচ্ছে। এই অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ সরাসরি বিশেষ রোল অবজার্ভার সি মুরুগানের বিরুদ্ধে। তিনি দাবি করেন, মাইক্রো অবজার্ভারদের উদ্দেশে জন্মশংসাপত্রের গ্রহণযোগ্যতা নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে নির্দেশ দেওয়া হয়েছে। এর লক্ষ্য ভোটার তালিকা থেকে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়া।
এছাড়াও তাঁর অভিযোগ, জেলা ভিত্তিতে নিযুক্ত রোল অবজার্ভারদের লগইন আইডি কলকাতার একটি কেন্দ্রীয় জায়গা থেকেই ব্যবহার করা হচ্ছে। তাঁর দাবি, এই লগইন তথ্য ব্যবহার করে নির্দিষ্ট একটি সম্প্রদায়কে লক্ষ্য করে প্রশ্ন তৈরি করা হচ্ছে। ‘দিল্লিতে বসে থাকা রাজনৈতিক কর্তাদের’ নির্দেশেই এসব হচ্ছে বলে তিনি ইঙ্গিত দেন।
নিরপেক্ষ তদন্ত হলে সংশ্লিষ্ট লগইন ডিভাইসের টাওয়ার লোকেশন ও আইপি অ্যাড্রেসের সঙ্গে প্রকৃত রোল অবজার্ভারের অবস্থান মিলবে না বলে জানান তিনি। অর্থাৎ, অনুমোদিত ব্যক্তির বদলে অন্য কেউ ওই অ্যাকাউন্ট ব্যবহার করছে, এমন সম্ভাবনার কথা তিনি তুলে ধরেন।
অভিষেক ব্যানার্জি স্পষ্ট ভাষায় জানান, এই বিষয়টি তিনি দেশের সর্বোচ্চ আদালতে তুলবেন। পাশাপাশি, যাঁরা ‘দিল্লির জমিদারদের’ নির্দেশে কাজ করছেন তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।
এই অভিযোগ নিয়ে এখনও নির্বাচন কমিশনের (ECI) পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে চলা বিতর্কে এই অভিযোগ আজ নতুন মাত্রা যোগ করেছে।


