স্নেহা পাল, কলকাতা : ভোটের আগে পশ্চিমবঙ্গে বড়সড় প্রচার অভিযান শুরু করার পরিকল্পনা বিজেপির (BJP)। পশ্চিমবঙ্গে নিজেদের ভিত মজবুত করতে আগামী মার্চ থেকে সাংগঠনিক আক্রমণে নামতে চলেছে বিজেপি।
দলীয় সূত্র অনুযায়ী, মার্চের প্রথম সপ্তাহে দক্ষিণবঙ্গজুড়ে রথযাত্রার পরিকল্পনা চূড়ান্ত করেছে বিজেপি (BJP)। দক্ষিণবঙ্গের বিভিন্ন সাংগঠনিক অঞ্চল থেকে যাত্রা বেরিয়ে রাজ্যের গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রগুলি অতিক্রম করবে। ২০১৯, ২০২১ ও ২০২৪ সালের নির্বাচনে যেখানে দল ভালো ফল করেছিল, সেই প্রায় ১৫০টি বিধানসভা কেন্দ্রে বিশেষ নজর দেওয়া হবে। এর মাধ্যমে রাজ্য নির্বাচনের সংগঠন ও প্রচারে জোর দেওয়াই বিজেপির মূল লক্ষ্য।
রথযাত্রা শেষ হয়ে সব রথ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পৌঁছবে। সেখানে প্রধান বক্তা হিসেবে থাকতে পারেন নরেন্দ্র মোদি। তবে সমাবেশের নির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত নয়। দোলযাত্রা ও পরীক্ষা পর্ব শেষ হলেই জনসভাগুলি শুরু করার পরিকল্পনা নেওয়া হবে।
একই সঙ্গে উত্তরবঙ্গের শিলিগুড়িতে বড় জনসভা করার প্রস্তুতি চলছে। সেখানে একাধিক সভায় অমিত শাহের উপস্থিতির সম্ভাবনাও রয়েছে।
পাশাপাশি রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের জন্য বিজেপির (BJP) প্রার্থী বাছাই প্রক্রিয়াও গতি পেয়েছে। প্রতিটি আসনের জন্য জেলা স্তর থেকে তিনটি করে নাম রাজ্য নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে। সেই তালিকা কেন্দ্রের সমীক্ষা সংস্থার প্রতিবেদনের সঙ্গে মিলিয়ে দেখা হবে। মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে ধাপে ধাপে প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে। অর্থাৎ আগামী মার্চ থেকেই জোরকদমে ভোটের যুদ্ধে নামতে চলেছে বিজেপি।


