কলকাতা: বেজে গিয়েছে ভোটের দামামা। প্রকাশিত হয়ে গিয়েছে নির্বাচনের নির্ঘণ্ট! এদিকে, মাইক নিয়ে প্রচারের পরিবর্তে ফরওয়ার্ড ব্লকের (Forward Block) কর্মীদের হাতে তুলি, রং-পেনসিল! পুরুলিয়া, হুগলি, বীরভূমের একাধিক আসনে প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে। এদিকে, এখনও পর্যন্ত সঠিকভাবে শুরু করা যাচ্ছে না দেওয়াল লিখনের কাজ! কোথাও তো প্রতীক ছাড়াই দেওয়ালে লেখা হচ্ছে শুধু প্রার্থীর নাম! কারণ, চিতাবাঘ!
ভোটের ময়দানে নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে গড়া ফরওয়ার্ড ব্লকের (Forward Block) কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মুখ হাঁ করা, লাফিয়ে ওঠা চিতাবাঘ আঁকা! দলীয় কর্মীদের বক্তব্য, চিতাবাঘ আকা মোটেও সহজ কাজ না। অভিজ্ঞ শিল্পীদেরও নিখুঁতভাবে ফরওয়ার্ড ব্লকের প্রতীক আঁকতে সমস্যা হয়। দলীয় কর্মীরা চিতাবাঘ আঁকার ভয়ে হাতে রং তুলি ধরতেই ভয় পাচ্ছেন!
ফলাফল খারাপের জন্য দায়ী সিংহ?
প্রসঙ্গত, এর আগেও ফরওয়ার্ড ব্লকের (Forward Block) প্রতীক চিতাবাঘ আঁকার সমস্যার কথা সামনে উঠে এসেছিল। শুধু তাই নয়, সিংহ আঁকার সমস্যার জন্যই তাদের ভোট প্রচার যথাযথভাবে হয় না বলেও দাবী করেন দলের একাংশ কর্মী।
গত বেশ কয়েকটি নির্বাচনের এই তিক্ত অভিজ্ঞতার জন্যই এবেরা পুরুলিয়া ফরওয়ার্ড ব্লকের জেলা কমিটি আঁকার ক্লাসের আয়োজন করেছিল। যেখানে দলের কর্মীদের হাতে ধরে চিতাবাঘ আঁকা শেখানো হয়। প্রায় ৫০ জন কর্মীকে চিতাবাঘ আঁকার প্রশিক্ষণ দেন এক অভিজ্ঞ শিল্পী। কিন্তু তা সত্ত্বেও কর্মীদের অঙ্কন শৈলীতে তেমন ‘প্রোগ্রেস’ দেখা যাচ্ছে না বলে খবর। দেওয়াল লিখনে পিছিয়ে পড়ার জেরে ফের খারাপ ফলাফলের আশঙ্কায় ইতিমধ্যেই রাতের ঘুম উড়েছে ফরওয়ার্ড ব্লকের নেতা-কর্মীদের।


