কলকাতা: রাজ্যে এসআইআর শুনানি (SIR Hearing) ও ফর্ম-৭ (Form-7) জমা নিয়ে তৃণমূল-বিজেপি বিতর্কের মাঝে শনিবার কিন্তু কোনও ফর্ম-৭ (Form-7) প্রত্যাখ্যান করা যাবে না বলে স্পষ্ট নির্দেশ দেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক। রাজ্যের ডিইও (DEO) মারফত এই নির্দেশিকায় বলা হয় কোনও ব্যক্তি বা রাজনৈতিক চাপের কারণে ফর্ম ৭ প্রত্যাখ্যান করা যাবে না, বলেও উল্লেখ করা হয়।
এই স্পষ্ট নির্দেশিকা সত্ত্বেও মৃত ও স্থানান্তরিত ভোটারদের ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে ফর্ম-৭ (Form-7) জমা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ। রবিবার এক্সে ঝাড়গ্রাম জেলার গারবেতায় ফর্ম-৭ জমা করতে বাধা দেওয়া হয়েছে বলে একটি ভিডিও পোস্ট করে রাজ্য বিজেপি (BJP)।
অভিযোগ, “গরবেতা-১ ব্লকের BDO অফিস স্পষ্ট নির্দেশ সত্ত্বেও ফর্ম ৭ গ্রহণ করতে অস্বীকার করেছে। এটি কোনো প্রক্রিয়াগত ভুল নয়, বরং সংবিধানিক প্রক্রিয়ার প্রতি বাধা প্রদান। সরকারি কর্মকর্তারা নির্বাচনী কমিশনের নির্দেশ মেনে চলতে বাধ্য, নিজেদের সুবিধা বা রাজনৈতিক প্রভাবের ভিত্তিতে নয়।” পোস্টটিতে আরও বলা হয়, “এ ধরনের স্বেচ্ছাচারিত্ব প্রাশাসনিক নিরপেক্ষতা, জবাবদিহিতা এবং গণতান্ত্রিক অধিকারকে প্রশ্নবিদ্ধ করে। প্রশাসনকে মনে রাখতে হবে: তারা সরকারের নয়, সংবিধানের জন্য কাজ করে।”
ফর্ম-৭ জমা নিয়ে তৃণমূল-বিজেপি সংঘাত
ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় মৃত বা স্থানান্তরিত হওয়ার কারণে কারও নাম তালিকা থেকে বাদ দিতে হলে ফর্ম-৭ জমা দিতে হয়। বিজেপির অভিযোগ, তৃণমূল সেই ফর্মই জমা দিতে দিচ্ছে না। এই নিয়ে শুক্রবার দিনভর বিক্ষোভ-অবস্থান করে বিজেপি।
অন্যদিকে, মৃত ভোটারদের হাজির করে কমিশনের বিরুদ্ধে গরমিলের অভিযোগ তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার থেকে এই ফর্ম ৭ জমা দিতে বাধা দেওয়া হচ্ছে বলে উত্তর ২৪ পরগণা, বাঁকুড়া, আলিপুরদুয়ার সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখায় বিজেপি। এরপরেই নির্দেশিকা জারি করে ফর্ম-৭ (Form-7) জমা করার শেষ তারিখ ১৯ জানুয়ারি করা হয়।


