কলকাতা: আইপ্যাক কান্ডে শাসক-বিরোধী তরজার মাঝেই চন্দ্রকোনা রোডে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কনভয়ে হামলা বাড়িয়ে দিয়েছে রাজনৈতিক উত্তেজনা। শুক্রবার আইপ্যাক অফিস ও কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশি অভিযানের প্রতিবাদে পথে নেমেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।যাদবপুর ৮বি থেকে হাজরা মোড় পর্যন্ত চলেছিল তৃণমূলের সেই মিছিল। রবিবার সেই পথেই হাঁটলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
এদিন যাদবপুর থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত প্রতিবাদ মিছিল করে বিজেপি। আইপ্যাকে ইডির তল্লাশি অভিযান চলাকালীন ফাইল ছিনতাই ও শনিবার রাতে চন্দ্রকোনা রোডে শুভেন্দুর কনভয়ে হামলার বিরুদ্ধে স্লোগান তোলে বিজেপি। পাশাপাশি, মঙ্গলবার বিজেপির ‘চন্দ্রকোনা চল’ অভিযানের কথা রয়েছে।
কনভয়ে হামলার ঘটনায় ক্ষোভে ফুঁসছে বিরোধী শিবির
বস্তুত, শনিবার পুরুলিয়ায় জনসভা সেরে ফেরার পথে চন্দ্রকোনা রোডের কাছে শুভেন্দুর (Suvendu Adhikari) কনভয়ে হামলা চালায় তৃণমূল, বলে অভিযোগ। শুভেন্দুকে অভ্যর্থনা জানাতে বিজেপি কর্মী সমর্থকরা চন্দ্রকোনা রোডের কাছে একত্রিত হলে তৃণমূলের লোকেরা বাঁশ, লাঠি দিয়ে বিরোধী দলনেতার গাড়িতে হামলা করে বলে দাবী করেন শুভেন্দু অধিকারী।
তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে ধুন্ধুমার বেঁধে যায়। মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় চন্দ্রকোনা রোড। ঘটনার পর রাতে দীর্ঘক্ষণ পুলিশ বিট হাউসে বসেছিলেন শুভেন্দু অধিকারী। পুলিশে তৃণমূলের লোকেদের বিরুদ্ধে অভিযোগ জানালে তাঁদের জামিনযোগ্য ধারায় বাঁচানোর চেষ্টা হয়েছে বলে দাবী করে বিজেপি।


