স্নেহা পাল, কলকাতা: বিজেপির নবনিযুক্ত জাতীয় সভাপতি নিতিন নবীন (Nitin Nabin) প্রথম রাজ্য সফরে পশ্চিমবঙ্গে (West Bengal) এলেন। মঙ্গলবার থেকে দু’দিনের সফরে তিনি আসানসোল (Asansol) , দুর্গাপুর (Durgapur) ও রানিগঞ্জ (Raniganj) শিল্পাঞ্চলে দলীয় সাংগঠনিক বৈঠক ও কর্মসূচিতে অংশ নেবেন।
মঙ্গলবার সন্ধ্যায় দুর্গাপুরের আন্দাল বিমানবন্দরে (Andal Airport) পৌঁছান নিতিন নবীন (Nitin Nabin)। সেখানে তাঁকে স্বাগত জানান দলের শীর্ষ রাজ্য নেতৃত্ব। এরপর দুর্গাপুরের চিত্রালয়া মেলা ময়দানে আয়োজিত ‘কমল মেলা’র উদ্বোধন করেন তিনি। এই কর্মসূচির আয়োজন করেছিল দুর্গাপুর নাগরিক মঞ্চ।
কলকাতা বাদ দিয়ে শিল্পাঞ্চল, সংগঠন মজবুত করাই লক্ষ্য
সফরের প্রথম দিনেই নিতিন নবীন (Nitin Nabin) দুর্গাপুরে (Durgapur) রাজ্য বিজেপির কোর কমিটির উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে আসন্ন বিধানসভা নির্বাচনের কৌশল, সাংগঠনিক শক্তিবৃদ্ধি এবং মাঠপর্যায়ের প্রস্তুতি নিয়েই হয় আলোচনা। বুধবার সকালে তিনি ঐতিহাসিক ভিরিঙ্গি কালী মন্দিরে পুজো দেন। এরপর তিনি দুর্গাপুরের (Durgapur) চিত্রালয়া মেলা ময়দানে বর্ধমান সাংগঠনিক বিভাগের সম্মেলনে ভাষণ দেবেন। রানিগঞ্জে (Raniganj) আসানসোল জেলা বিজেপির কার্যকর্তা সম্মেলনেও বক্তব্য রাখবেন তিনি। দলীয় নেতৃত্ব জানিয়েছে, এই সফরে নিতিন নবীন (Nitin Nabin) কলকাতায় (Kolkata) যাবেন না। শিল্পাঞ্চল কেন্দ্রিক সংগঠন মজবুত করাই তাঁর সফরের প্রধান উদ্দেশ্য।
নির্বাচনের প্রস্তুতিতে প্রবাসী নেতা
বিজেপি সূত্রে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ এর আগে বিভিন্ন রাজ্য থেকে ‘প্রবাসী নেতা’দের একটি তালিকা চূড়ান্ত করা হয়েছে। ছত্তিশগড়, ওড়িশা, ঝাড়খণ্ড, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান, হিমাচল প্রদেশ, বিহার ও ত্রিপুরা থেকে আসা নেতারা রাজ্যের বিভিন্ন অঞ্চলে সাংগঠনিক কাজ ও নির্বাচনী প্রস্তুতিতে যুক্ত থাকবেন। এর পাশাপাশি রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) ২৯৪টি বিধানসভা কেন্দ্রের জন্য আলাদা আলাদা ইন-চার্জ নিয়োগের ঘোষণা করেছেন।
এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) আগামী ৩০ ও ৩১ জানুয়ারি পশ্চিমবঙ্গ সফরে আসবেন। এই সফরে তিনি একাধিক গুরুত্বপূর্ণ সাংগঠনিক ও রাজনৈতিক বৈঠক করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।


