স্নেহা পাল, কলকাতা: পশ্চিমবঙ্গ (West Bengal) সহ তামিলনাড়ু, কেরল, অসম ও পুদুচেরিতে এপ্রিল থেকে মে মাসের মধ্যে বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচন সূচি মার্চের শুরুতেই ঘোষণা হতে পারে বলে ইঙ্গিত মিলছে। মাঠপর্যায়ে প্রশাসনিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং নির্বাচনী বিধিনিষেধ কার্যকরভাবে পালন হচ্ছে কিনা তা নিয়ে এইবছর বিশেষ সতর্ক নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, আগামী ১ ও ২ মার্চ দুই দিনের সফরে আসন্ন বিধানসভা নির্বাচনের পরিস্থিতি পরীক্ষা করার জন্য পশ্চিমবঙ্গে (West Bengal) আসছে নির্বাচন কমিশনের (ECI) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
সফরকালে কেন্দ্রীয় আধিকারিকরা সংশ্লিষ্ট জেলার জেলা নির্বাচন আধিকারিক, পুলিশ কমিশনার এবং জেলা পুলিশ সুপারদের সঙ্গে সরাসরি বৈঠক করবেন। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন সংস্থার সঙ্গেও পৃথকভাবে বৈঠক করা হবে। এই সফরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নিয়েও আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২১ সালে করোনা পরিস্থিতির মধ্যে পশ্চিমবঙ্গে (West Bengal) আট দফায় বিধানসভা নির্বাচন হয়েছিল, যা নিয়ে নির্বাচন কমিশন তীব্র সমালোচনার মুখে পড়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন। তাই এই বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এক দফায় ভোটগ্রহণের পক্ষে প্রস্তাব দিতে পারেন বলেও সূত্রের খবর। তবে চূড়ান্তভাবে কত দফায় ভোট হবে, সেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।


