Aaj India Desk, কলকাতা : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে কলকাতায় এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সোমবার দিনভর রাজনৈতিক দল ও প্রশাসনের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এর পরেই ধর্মতলার ধর্নামঞ্চ থেকে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
ইভিএমে কারচুপির আশঙ্কা মমতার
ধর্ণামঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “রাজনৈতিকভাবে বাংলায় কিছু করতে না পেরে ষড়যন্ত্র করে SIR-এর মাধ্যমে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। আমি খবর পেয়েছি, ইভিএমে কারচুপির চেষ্টা হতে পারে। আমরা সেই অনুযায়ী সতর্ক থাকব।” পাশাপাশি নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে সরব হয়ে মমতা বলেন, “তাদের পরিকল্পনা তিনটি, প্রথমে ভোটার বাদ দেওয়া, দ্বিতীয়ত ইভিএমে কারচুপি, এবং তৃতীয়ত গণনার সময় এমনভাবে ফল দেখানো যাতে ভুল বার্তা যায়।”
ভোটার তালিকা সংশোধন নিয়ে কয়েকদিন ধরেই রাজ্যে রাজনৈতিক উত্তেজনা চলছে। অভিযোগ, চূড়ান্ত ভোটার তালিকায় প্রায় ৫০ লক্ষ ভোটারের নাম এখনও অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তৃণমূল কংগ্রেসের দাবি, সঠিক নথি জমা দেওয়ার পরও বহু মানুষের নাম তালিকা থেকে বাদ গেছে। এই অভিযোগে শুক্রবার থেকে ধর্মতলায় ধর্নায় বসেছেন তৃণমূল নেত্রী।
বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ
তিনি আরও দাবি করেন, কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করে রাজনৈতিক চাপ তৈরি করা হচ্ছে। তাঁর কথায়, “ED, CBI, আয়কর, বিএসএফ, সব এজেন্সি নিয়ে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। কিন্তু মানুষ সব দেখছে। নির্বাচনে মানুষই এর জবাব দেবে।” বিজেপির উদ্দেশে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “যদি সত্যিই মানুষের ভোটে জিততে চান, তাহলে যাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে তাদের নাম ফিরিয়ে দিন। আমরা শুধু সেই দাবিই করছি।”
তবে রাজনৈতিক মহলের একাংশ এই অভিযোগের মধ্যে স্পষ্ট বিদ্রূপও দেখছেন। কারণ, অতীতে রাজ্যের বিভিন্ন নির্বাচনে ইভিএমে কারচুপির অভিযোগ বহুবার উঠেছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই। বিরোধী দলগুলির তরফে তখন বারবার দাবি করা হয়েছিল যে ভোট প্রক্রিয়া স্বচ্ছ নয় এবং ইভিএম ব্যবহারের ক্ষেত্রে অনিয়ম হয়েছে। সেই প্রেক্ষাপটে এখন একই অভিযোগ তুলে বিজেপি ও নির্বাচন কমিশনকে নিশানা করায় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে পরিস্থিতির এক ধরনের ব্যাঙ্গাত্মক পরিস্থিতি তৈরি হয়েছে।
নির্বাচন ঘিরে কমিশন–রাজ্য টানাপোড়েন
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বর্তমানে রাজ্যে নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখছে। রাজনৈতিক দলগুলির অভিযোগ ও প্রশাসনিক প্রস্তুতি নিয়ে একাধিক বৈঠক হয়েছে। তবে ভোটার তালিকা ও SIR প্রক্রিয়া নিয়ে রাজ্যের শাসকদল ও নির্বাচন কমিশনের মধ্যে বিরোধ আরও তীব্র হয়েছে।


