Aaj India Desk, কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) কার্যকর করার লক্ষ্যে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই গেজেট বিজ্ঞপ্তি জারি করে ‘এমপাওয়ার্ড কমিটি’ গঠনের ঘোষণা করে। এই কমিটি CAAর অধীনে জমা পড়া নাগরিকত্বের আবেদন খতিয়ে দেখে অনুমোদন বা বাতিলের সিদ্ধান্ত নেবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিব নীতীশ কুমার ব্যাসের জারি করা নির্দেশে জানানো হয়েছে, নাগরিকত্ব আইন, ১৯৫৫-এর ধারা 6B এবং নাগরিকত্ব বিধি, ২০০৯ অনুসারে এই কমিটি গঠন করা হয়েছে। রাজ্যে CAA বাস্তবায়নের প্রশাসনিক কাঠামো সম্পূর্ণ হয়েছে বলেই দাবি কেন্দ্রের।
কমিটিতে কারা থাকছেন?
এই কমিটির চেয়ারম্যান হবেন পশ্চিমবঙ্গের জনগণনা পরিচালন দফতরের ডেপুটি রেজিস্ট্রার জেনারেল। সদস্য হিসেবে থাকবেন সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরোর ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার এক আধিকারিক, সংশ্লিষ্ট ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসারের মনোনীত প্রতিনিধি, পোস্টমাস্টার জেনারেল বা তাঁর মনোনীত প্রতিনিধি, ডাক বিভাগের ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার এক আধিকারিক ও ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের রাজ্য শাখার স্টেট ইনফরমেটিক্স অফিসার।
কারা নাগরিকত্বের জন্য যোগ্য?
CAA অনুযায়ী, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে আসা নির্যাতিত হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি ও খ্রিস্টান সম্প্রদায়ের শরণার্থীরা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।
অন্যদিকে রাজ্যে দীর্ঘদিন ধরে CAAর বিরোধিতা করে আসছে তৃণমূল কংগ্রেস সরকার। রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে, ভোটের আগে এই পদক্ষেপের প্রভাব রাজ্যের নির্বাচনী সমীকরণে পড়তে পারে। সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বৈঠকের পরই এই বিজ্ঞপ্তি জারি হওয়ায় বিষয়টি রাজনৈতিকভাবে গুরুত্ব পাচ্ছে।


